‘মধ্যম আয়ের দেশ এই সরকারের মেয়াদেই’
মালদ্বীপে প্রবাসীদের এক সভায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন আশাপ্রকাশ করেছেন, এই সরকারের মেয়াদেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসাবে পরিচিতি পাবে।
আওয়ামী লীগ মালদ্বীপ শাখার এক আলোচনা সভায় যোগ দিয়ে সাঈদ খোকন বলেন, “বর্তমানে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি, এই সরকারের মেয়াদেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।”
সাঈদ খোকন আরও বলেন, “বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বাধীন সার্বভৌম সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৭ কোটি মানুষের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ হতে চলছে।”
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার বিশেষ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন ঢাকা দক্ষিণের মেয়র। তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হচ্ছে দুটি খাত, প্রবাসীদের রেমিটেন্স ও গার্মেন্টস। আর এই দুটি খাতের উপর ভিত্তি করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ মালদ্বীপ শাখার উপদেষ্টা মীর সাইফুল ইসলাম ।
ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন, দূতাবাসের হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হারুন-অর-রশীদ, সহ-সভাপতি গাজী সাদেক,সাইফুল শিকদার, বাদল খান, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ বাপ্পী, এ কে আজাদ, শরিফুল ইসলাম, শাহাজালাল শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক মো.বাদল সহ দলের অনান্য নেতাকর্মীরা।
সম্প্রতি ইউনাইটেড নেইশনস সেন্টার ফর রিজওনাল ডেভলপমেন্ট আয়োজিত ষষ্ঠ আঞ্চলিক থার্ড ফোরামের এশিয়া অ্যান্ড প্যাসিফিকের সভায় অংশ নিতে মালদ্বীপের রাজধানী মালেতে গিয়েছিলেন মেয়র সাঈদ খোকন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
