জাতিসংঘে সংখ্যালঘু বিষয়ক সন্মেলনে ইউরোপের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অষ্টম সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছে ইউরোপিয়ান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
২৪ ও ২৫ নভেম্বর অনুষ্টিত জাতিসংঘের এ সম্মেলনে বিশ্বের ৪৮টি দেশের ১৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
হিউম্যান রাইটস কাউন্সিলের প্রেসিডেন্ট যোয়াসিম রুকার এবং ডেপুটি হাই কমিশনার মিসেস ফ্লাভিয়া পানসেরির বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় ২৪ নভেম্বর সকাল ১০ টায়।
দুইদিনব্যাপী জাতিসংঘের এ সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন সেশনে অংশগ্রহণ করে নিজ নিজ দেশের সংখ্যালঘুদের অবস্থান তুলে ধরেন।
ইউরোপিয়ান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমরেন্দ্র রায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একটি রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টে বলা হয়, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কোন সরকারই সক্রিয় ভূমিকা রাখেনি, ১৯৪৭ সাল থেকেই সংখ্যালঘুরা কখনো দলবদ্ধ, কখনো বা একক ভাবে নিজেরা নিজেদের রক্ষায় কাজ করে যাচ্ছে’।
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের শুভ সূচনা হলেও ৭৫ পরবর্তী সব সরকারের সময়েই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে’ বলে রিপোর্টে দাবি করা হয়।
বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সম্মেলনে সুইজারল্যান্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়াও সংখ্যালঘুদের উপর একটি প্রতিবেদন জমা দেন।
এদিকে সম্মেলন চলাকালীন সময়ে ‘বাংলাদেশ মাইনরিটি কাউন্সিল’র সভাপতি অরুন বড়ুয়ার নেতৃত্বে ফরিদপুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনের উপর সন্ত্রাসী হামলা, শত্রু সম্পত্তি আইন বাতিল এবং সকল ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর অত্যাচার- নির্যাতন বন্ধের দাবিতে এক মানব বন্ধন অনুষ্টিত হয়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
