২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সম্মেলন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তনরা

বস্টনে এক সংবাদ সম্মেলন থেকে আয়োজনের নানা প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জানায় সংগঠনটি।

যুক্তরাষ্ট্রে সম্মেলন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তনরা
সংবাদ সম্মেলনে চবিএ ম্যাসাচুসেট্স শাখার কর্মকর্তারা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 02:07 AM

Updated : 26 Aug 2026, 09:43 AM

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দুই দিনব্যাপী সম্মেলন করতে যাচ্ছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ’ (চবিএ)।

আসছে ২৬ জুলাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ২৭ জুলাই ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ক্যাম্পাসে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন তারা।

রোববার বস্টনে এক সংবাদ সম্মেলন থেকে আয়োজনের নানা প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জানায় সংগঠনটি।

এতে কথা বলেন সম্মেলনের আহ্বায়ক ও আয়োজক সংগঠনের ম্যাসাচুসেটস শাখার সভাপতি অধ্যাপক মো. জানে আলম এবং সম্মেলনের সদস্য সচিব ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর আর চৌধুরী টিপু।

বস্টন থেকে প্রতাপচন্দ্র শীল জানান, সম্মেলনের বিভিন্ন দিক-নির্দেশনাসহ লিখিত বক্তব্য উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্মেলন কমিটির চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী।

আয়োজকরা জানান, সম্মেলনে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, বিদেশে পড়াশোনা, বাংলাদেশে দীর্ঘস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বিষয়ক আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে। প্রবাসে থেকে বাংলাদেশের জন্য কাজ করা এবং উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা করার নানা লক্ষ্য সামনে রেখে এ সম্মেলন সাজানো হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল করিম এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সম্মেলনে আসার ‘সম্মতি দিয়েছেন’ বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য জমিলা ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র শীল, শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক রাহাতুল আশেকিন রাহী এবং আব্দুল বাসেদ।