১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘চাহিদাভিত্তিক জনশক্তি রপ্তানিতে থাকবে প্রশিক্ষণের ব্যবস্থা’

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 18 Aug 2024, 01:50 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করার লক্ষ্যে দেশগুলোর চাহিদাভিত্তিক জনবল সৃষ্টিতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

শনিবার দুবাইয়ের একটি হোটেল আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। এ লক্ষ্যে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেব।

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের যেসব কোম্পানি জনশক্তি আমদানি করে থাকে তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির ১৬ কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীকে এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।

কেমন দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন জনবল তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক জনশক্তি পাঠাতে কী কী করণীয় সেসব বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনাঅংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি বাংলাদেশি ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ করেন। এছাড়া দুবাই ট্যাক্সিতে নিয়োগের ক্ষেত্রে ভাষা দক্ষতা এবং তথ্য-প্রযুক্তিতে দক্ষতার উন্নয়ন দরকার বলে জানান তারা।

প্রতিমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান। এছাড়া আরও বেশিসংখ্যক দক্ষ জনশক্তি এবং অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে আহ্বান জানান তিনি। 

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, মন্ত্রীর সফরসঙ্গী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, একান্ত সচিব মামুনুর রহমান, বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং কনস্যুলেটের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।