আম্মানে জাতীয় প্রবাসী দিবস পালিত
অনুষ্ঠানে আম্মানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও প্রবাসী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আম্মানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও প্রবাসী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এই গোলটেবিল বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। সব প্রবাসী বাঙালির পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই।"
এ সময় তিনি জর্ডানে কর্মরত বাংলাদেশি প্রবাসী কর্মীদেরকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
তিনি তার বক্তব্যে বলেন, "আপনাদের এই রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে। আপনারা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়ন যাত্রার গর্বিত অংশীদার হবেন।"
এছাড়া তিনি বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগ ‘প্রবাসীদের জন্য পেনশন স্কিম’ এর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে জর্ডানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস বলেন, “বাংলাদেশ ও ফিলিপাইন জর্ডানে কর্মক্ষম জনশক্তি সরবরাহে অন্যতম। জর্ডান সরকারের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ ও বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করি।”
জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের পরিচালক ফায়েজ আল জাব্বর তার বক্তব্যে বলেন, "জর্ডানের সম্ভাবনাময় পোশাক খাতে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আমরা সব সময় তাদের পাশে আছি ও তাদের অধিকার নিশ্চিতের বিষয়ে বদ্ধপরিকর।”
জর্ডানে কর্মরত বাংলাদেশি শ্রমিক রুমা আকতার বলেন, “আমি পাঁচ বছর থেকে এখানে কর্মরত আছি। আল্লাহর রহমতে আমি এই দেশে ভালোই আছি। আমাদের ম্যানেজমেন্ট খুবই আন্তরিক ও অনেক সহায়ক। আমি বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
