লন্ডনে বিবিসির সামনে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
এ কর্মসূচিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রকে দেখা গেছে।
বাংলাদেশ নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করে এর প্রতিবাদে লন্ডনে বিবিসির সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
বুধবারের এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের সঙ্গে দলটির সাবেকমন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রকে দেখা গেছে।
লন্ডনে বিবিসির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেকমন্ত্রী আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌ
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অংশ নিতে দেখা গেছে।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব সাবেক মন্ত্রী ও নেতাদের বাংলাদেশে প্রকাশ্যে দেখা যায়নি। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দীন। সমাবেশ সঞ্চালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিবিসি সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশে চব্বিশের ছাত্র আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর অনুমোদন তখনকার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই দিয়েছিলেন– এমন অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলছে সংবাদমাধ্যমটি।
বিবিসি ৯ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে লিখেছে, তাদের বিবিসি আই ইউনিট ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে ওই অভিযোগের সত্যতা পায়।
চলতি বছরের মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে 'প্রাণঘাতী অস্ত্র' ব্যবহারের অনুমতি দিয়ে বলেন, “যেখানেই পাবে, গুলি করবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই অডিও ক্লিপটি ‘প্রমাণ' হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনুপস্থিতিতেই এ মামলার কার্যকম চলছে।
বিবিসির এ প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
৯ জুলাই রাতে ফেইসবুক পোস্টে যুক্তরাষ্ট্র প্রবাসী জয় লেখেন, বিবিসির ওই প্রতিবেদন ‘অনৈতিক সাংবাদিকতার একটি নির্লজ্জ উদাহরণ’।
“বিবিসি সম্প্রতি ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার উপর ভিত্তি করে একটি বিকৃত তথ্যে ভরা তথাকথিত ‘অনুসন্ধানী প্রতিবেদন’ প্রকাশ করেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টেলিফোন আলাপের নির্বাচিত অংশ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অনুপস্থিত থেকে গেছে, এবং অনুসন্ধানী প্রতিবেদন বলে দাবি করলেও বিবিসি সাংবাদিকতার ন্যূনতম নীতিমালাও মানতেও ব্যর্থ হয়েছে।”
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট পালিয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি এবং তার দল আওয়ামী লীগ আদালতে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন।
বিবিসি লিখেছে, অজ্ঞাতপরিচয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া ওই অডিও রেকর্ড এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দিয়ে বলা যায়, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সরাসরি অনুমতি দিয়েছিলেন তিনি।
জুলাই-অগাস্টের ঘটনাপ্রবাহকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ‘সবচেয়ে ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
বিবিসি বলছে, তাদের ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে ঢাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশি হত্যাযজ্ঞের নতুন কিছু তথ্য উঠে এসেছে, যা আগে এতটা স্পষ্টভাবে আসেনি। এই অনুসন্ধানে মৃত্যুর সংখ্যাও অনেক বেশি পাওয়া গেছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ নিয়ে বিবিসির এ প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করা হয়।
আরও পড়ুন
