২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতিসংঘের অধীনে নির্বাচন’ দাবি নিউ ইয়র্কে বিএনপির সভায়

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 10:54 AM

Updated : 29 Oct 2022, 10:54 AM

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টেস্ট বিএনপির এক মতবিনিময় সভা থেকে ‘জাতিসংঘের অধীনে নির্বাচন’ আয়োজনের দাবি উঠে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, “এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর তাই তাদের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নিন, জাতিসংঘের অধীনে নির্বাচন দিন।”

প্রবাসীদের আহ্বান জানিয়ে সালাম বলেন, “আমরা ঢাকা তথা বাংলাদেশের রাজধানীতে আন্দোলন জোরদার করেছি, আপনারা নিউ ইয়র্কে থেকে আন্দোলন জোরদার করুন। রাজধানীর আন্দোলন যেমন সারাদেশে ছড়িয়ে পড়ে, তেমনি নিউ ইয়র্কের আন্দোলন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।”

আয়োজক সংগঠনের সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান।  

উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল এইচ চৌধুরী, জসীমউদ্দিন, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, বদরুল হক আজাদ, বদিউল আলম, দেওয়ান কাওসার, শহিদুল শিকদার ও হুমায়ূন কবীর।