যুক্তরাষ্ট্রে চলছে ‘সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র উৎসব’
এ আয়োজন করেছে ‘সুচিত্রা সেন মেমোরিয়্যাল ইউএসএ’।
যুক্তরাষ্ট্রে চলছে দুদিনব্যাপী ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’।
নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এতে ৩৯টি ফিচারফিল্ম, ডক্যুফিল্ম এবং শর্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে।
‘সুচিত্রা সেন মেমোরিয়্যাল ইউএসএ’ এর উদ্যোগে এ উৎসব শনিবার সকালে উদ্বোধন করেন অভিনেতা ও সাংসদ ফেরদৌস আহমেদ।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সার্বক্ষণিক পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। আজকের এ আয়োজনের সংবাদ জেনে তিনি খুবই আনন্দিত হবেন। কারণ এই উৎসবে হৃদি হকের ‘১৯৭১-সেই সব দিন’সহ বেশকিছু সরকারি অনুদানের চলচ্চিত্র রয়েছে, যেগুলো বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, করবে। যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলাদেশি চলচ্চিত্রও এগিয়ে যাবে।”
ঢাকা থেকে এ উৎসবে যোগ দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, চলচ্চিত্র নির্মাতা হৃদি হক, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী বন্যা মির্জা, সোহানা সাবা এবং জার্মানি থেকে এসেছেন সাহিত্যিক নাজমুননেসা পিয়ারি।
আয়োজকরা জানান, বাংলা চলচ্চিত্রকে বহুজাতিক সমাজে বাঙালি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করার অভিপ্রায়ে এ আয়োজন।
