১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’

কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন রাজনৈতিক প্রতিনিধিরা এতে অংশ নেন।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 08:29 AM

Updated : 26 Aug 2026, 03:38 PM

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশ ডে প্যারেড’।

রোববার আয়োজিত এ প্যারেডে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন মূলধারার রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। 

প্যারেডটি জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ অ্যাভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। এতে গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন এম আজিজ এবং এম এম শাহীন। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান টম সোউজি, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ এবং সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান।

আয়োজক কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, ১২০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এ প্যারেডে অংশ নেয়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের উপস্থিতি ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। 

প্যারেডে বাংলাদেশের অভিনয় ও কণ্ঠশিল্পীরা অংশ নেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ ও গানের মাধ্যমে দেশীয় ঐতিহ্য প্রদর্শন করেন। 

নিউ ইয়র্কে ১৯৮৭ সালে ‘রূপসী বাংলা টিভি’র উদ্যোগে প্রথম প্যারেড শুরু হয়েছিল। সেই আয়োজনের পরিচালক আনিসুজ্জামান খোকন এবং ২০০০ সালের প্যারেড সংগঠক ফখরুল আলমও এবারের আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমন্বয় করেন গিয়াস আহমেদ ও ফাহাদ সোলায়মান।