২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সংবাদপত্রে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের প্রতিবাদ

প্রতিবাদকারীরা হামলার ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 01:58 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে দুই দৈনিক সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে লন্ডনে। 

প্রতিবাদকারীরা হামলার ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

রোববার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাংবাদিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এ প্রতিবাদে অংশ নেন।

লন্ডনে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে দুটি সংবাদমাধ্যমের ওপর সংঘটিত সমন্বিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

এসব ঘটনাকে নজিরবিহীন ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একে ‘কালো দিন’ হিসেবে তুলে ধরা হয় সমাবেশে।

সমাবেশে বিবিসি বাংলার সাবেক সাংবাদিক উদয় শঙ্কর দাশ বলেন, অতীতেও বাংলাদেশের গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক সহিংসতা বিপজ্জনকভাবে নতুন মাত্রা যোগ করেছে। 

“গণতান্ত্রিক সমাজে মতভেদ স্বাভাবিক, কিন্তু সংগঠিত সহিংসতার আশ্রয় নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।”

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ নাহাস পাশা বলেন, এসব হামলা শুধু প্রাতিষ্ঠানিক ক্ষতি নয়, সাংবাদিকদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছে। 

“এটি শাসনব্যবস্থার গুরুতর ব্যর্থতার প্রতিফলন।”

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার বলেন, এসব হামলা করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না।

“আমরা চাই না মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠুক।”

সাংবাদিক ও লেখক বুলবুল হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর ইউকে প্রতিনিধি সাইদুল ইসলাম, নিলুফার হাসান, উর্মী মাজহার, আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা লুকমান হোসেন, হামিদ মোহাম্মদ, আনসার আহমেদ উল্লাহ, সারওয়ার ই আলম, এ এস এম মাসুম, রূপী আমিন ও এস এম তানভীর আহমেদ।

সমাবেশে জ্যেষ্ঠ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, লেখক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে লন্ডন বাংলা প্রেস ক্লাব সংবাদমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনাগুলো সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত–যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য মারাত্মক হুমকি।