১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা পেলেন ১৯ বাংলাদেশি

মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র, সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রে অবদানের এ স্বীকৃতি দেওয়া হয়।

ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা পেলেন ১৯ বাংলাদেশি
সম্মাননা পাওয়া বাংলাদেশিদের একাংশ।

বিডিনিউজ২৪

ফাতেমা রহমান রুমা, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 10:29 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বর্ণাঢ্য আয়োজনে ১৯ জন প্রবাসী বাংলাদেশিকে ‘গুণীজন সম্মাননা’ দিয়েছে প্রবাসী সংগঠন ‘জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন’।

শনিবার ফ্রাঙ্কফুর্টের স্যালবাউ এনকহাইম মিলনায়তনে ‘৭১-এর মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশ’ শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এ সম্মাননা দেন তারা।

মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র, সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পাওয়া ১৯ বাংলাদেশি হলেন- এ. এম. শাহাদাত হোসেন, সৈয়দ সেলিম, আমিনুর রহমান খসরু, মহসিন হায়দার মনি, খন্দকার মাহমুদুল গানি, নূরুন নবী, নাদিম ইকবাল, আদম দৌলা, তাপসী রায়, মো. আব্দুল মুনিম, রিয়েল আনোয়ার, কাহ্ন জাতিস্মর, লুথফা হ্যাপি, খলিলুর রহমান, এম. ডি. নিজামউদ্দিন, হামিদুল্লাহ খান, আব্দুল হাই, ছাইফুল আমিন এবং শ্রাবণ রহমান।

‘বাংলাদেশ ও ইউরোপের সেতুবন্ধন’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে জার্মানি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ডের জেনিভা ও স্পেনের মাদ্রিদ থেকে প্রবাসী বাংলাদেশি, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনা এবং নাদিম ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর চলে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল আহসান সেলিম এবং শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুনীব রেজওয়ান। যৌথভাবে সঞ্চালনা করেন আব্দুল হাই ও ফাতেমা রহমান রুমা।

প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নূরুন নবী। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র ও মানবাধিকার চর্চা এবং প্রবাসে বাংলাদেশি পরিচয়ের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন।