নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক
নির্বাচন নিয়েও রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি মহাসচিব।
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সভেন্ডসেনের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকাল ৩টা ১০মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, “তারা (দুই রাষ্ট্রদূত) আসছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এককথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না।
“তবে আলোচনা সস্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।”
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নির্বাচন তো অবশ্যই, কারণ নির্বাচন সকলের মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সকলের আছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সকলের তো কনসার্ন (উদ্বেগ) আছেই একটা।
“জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজকে এক অনুষ্ঠানে বলেছেন, এটা তো বিশ্বজুড়ে সকলের কনসার্ন। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক- সবার সেটা প্রত্যাশা ন্যাচারেলি (স্বাভাবিকভাবেই)। সেটার ওপরে ওনারা আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে, বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।”
