১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সীমান্তে ঝুঁকি থাকলেও সরকার প্রস্তুত: কাদের

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ ‘বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে’ বলে মনে করেন ওবায়দুল কাদের।

সীমান্তে ঝুঁকি থাকলেও সরকার প্রস্তুত: কাদের

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 03:27 PM

Updated : 19 Feb 2024, 03:53 PM

মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকলেও, সব সমালে নিতে সরকার প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, "মিয়ানমারের যে অস্থিরতা বিরাজ করছে, সে কারণে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, হতে পারে, আমরাও প্রস্তুত আছি।"

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কাদের।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পাওয়ার গুরুত্ব তুলে ধরে কাদের বলে, "বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে সমালোচনামুখর ছিল বহির্বিশ্বের একটা অংশ। তারপরও আজকে এই সংকটে সিকিউরিটির মত সেনসেটিভ ইস্যুতে নিমন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশ করা, এটা বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে।

“যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। সবচেয়ে বেশি জোরালো বক্তব্য... আগে কোনো নেতা এই দুঃসাহস দেখাতে পারেননি। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’। এখানে শেখ হাসিনার সাহসী কূটনীতিই আমরা দেখলাম।"

মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে 'আওয়ামী লীগ আঘাত করেছে'- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে কাদের বলেন, "কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। এটা হচ্ছে পাগলের অসংলগ্ন প্রলাপ।

"বিএনপি রাজনীতিতে মিথ্যাচার, তাদের রাজনীতিতে মিথ্যাচার অপরিহার্য। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা। তাদের সাথে জনগণও নেই, দলের কর্মীরা নেই। এজন্য কথামালার চাতুরি তারা করছে।"

বাজার পরিস্থিতি নিয়ে সরকারের এই মন্ত্রীর ভাষ্য হল, "কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম কমছে। কমে যাওয়ার প্রবণতাও আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে বলে সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করছি।"

গোয়েন্দা সংস্থা দিয়ে জাতীয় পার্টিকে ভাঙা হচ্ছে– বিএনপির এমন অভিযোগ নিয়ে কাদের বলেন, "জাতীয় সংসদে যারা বিরোধী দল, তারা সংসদ সদস্য। এর বাইরের দল নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই।"

ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, "বায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন। ইটের ভাটা বন্ধ করা একটা বড় কাজ।"

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।