২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ইশতেহার নিয়ে আসছেন শেখ হাসিনা

“২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, কর্মসংস্থান সৃষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার নিয়ন্ত্রণ- এসব বিষয়ে নির্বাচনি ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে,” বলেন আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 10:14 PM

Updated : 27 Dec 2023, 12:46 AM

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁওয়ে দলটির সভাপতি শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে ইশতেহার প্রণয়ন করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ, যান্ত্রিক বিপ্লব, তরুণদের জন্য কর্মসংস্থান বাড়ানোসহ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলো এই ইশতেহারে প্রাধান্য পাচ্ছে।”

গত সপ্তাহে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে দলীয় ইশতেহার ঘোষণার তারিখ জানিয়েছিলেন।

নির্বাচনি ইশতেহার কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, কর্মসংস্থান সৃষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার নিয়ন্ত্রণ- এসব বিষয়ে নির্বাচনি ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয় অগ্রাধিকার পাচ্ছে।”

নবম সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করার পর টানা ১৫ বছর ধরে দেশ শাসন করে চলেছে আওয়ামী লীগ।  এর মধ্যে ২০০৮ সালের নির্বাচনের আগে ১২ ডিসেম্বর ঘোষণা করা ইশতেহারে ‘দিনবদলের সনদ’ স্লোগান তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়া ফেলে।

সেই ইশতেহারে ছিল ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার। পরিবর্তনের ডাক দিয়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে।

এরপর দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি।  ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে যা যা করণীয়, তা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল সেখানে। ইশতেহারের শিরোনাম ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।

তার পাঁচ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর দেওয়া ইশতেহারের শিরোনাম ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হয় সেখানে।

এবার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের জন্য ভোটের লড়াইয়ে নামার অনেক আগেই নির্বাচনি স্লোগান ঠিক করে ফেলেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা এখন দেশবাসীকে দেখাচ্ছেন ‘স্মার্ট’ বাংলাদেশে পৌঁছে দেওয়ার স্বপ্ন।

পুরনো খবর:

পুরনো খবর:

যে পথ ধরে দেশকে উচ্চ আয়ের কাতারে নিতে চায় আ. লীগ

আ. লীগের ইশতেহার: ‘আসুন, এগিয়ে যাই সমৃদ্ধির মহাসড়কে’

শেখ হাসিনার প্রতিশ্রুতি

আ. লীগের ইশতেহার: ‘আসুন, এগিয়ে যাই সমৃদ্ধির মহাসড়কে’

২০২১ সলের লক্ষ্যমাত্রা নিয়ে আ'লীগের 'দিন বদলের ইশতেহার'

আওয়ামী লীগের ইশতেহারে 'দিন বদলের' প্রতিশ্রুতি