বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ‘পর্যাপ্ত ক্ষতিপূরণ’ দাবি মির্জা আব্বাসের
“১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবে? একটা দোকানে কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে। আমি মনে করি, এই ক্ষতিপূরণ বেশি করা উচিত,“ বলেন এই বিএনপি নেতা।
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ‘পর্যাপ্ত ক্ষতিপূরণ’ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেছেন, সরকারের তরফ থেকে তাৎক্ষণিক ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে ঘোষণা এসেছে, তা ‘অপ্রতুল’।
বঙ্গবাজারে পুড়ে যাওয়ার মার্কেট এলাকা পরিদর্শনে এসে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র।
মির্জা আব্বাস বলেন, “ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা একেবারেই অপ্রতুল।
“এই ১৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবে? একটা দোকানে কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে। আমি মনে করি, এই ক্ষতিপূরণ বেশি করা উচিত, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ এখানে যতজন কর্মচারী ছিল, সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া উচিত।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজারের মূল মার্কেটে রয়েছে চারটি ইউনিট, বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট। বঙ্গবাজারের উত্তর পশ্চিম কোণে সাততলা এনেক্সকো টাওয়ার, তার পূর্ব পাশে মহানগর কমপ্লেক্স মার্কেটও পুড়েছে। আগুন বঙ্গবাজারের পশ্চিম পাশের সড়কের অপর প্রান্তের দুটি মার্কেটেও ছড়ায়। এই কয়েকটি মার্কেট মিলিয়ে ৫ হাজারের মতো দোকান রয়েছে; মঙ্গলবার পুড়েছে তার অধিকাংশ ।
এতে ৫ হাজারের মত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটি হিসাব দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উঠে দাঁড়াতে ৭০০ কোটি টাকা প্রয়োজন বলে দাবি করেছেন।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে আট সদস্যের কমিটি করেছে ডিএসসিসি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা জানিয়েছেন। আগুনের বিষয়ে ভবিষ্যতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ তিনি করেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিন যুগ পুরনো বঙ্গবাজার মার্কেট ১৯৯৪ সালে এক অগ্নিকাণ্ডে ছাই হয়ে গিয়েছিল।
মির্জা আব্বাস বলেন, “আমরা দুর্ঘটনাস্থল দেখলাম। সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা কী করে এই ক্ষতি কাটিয়ে উঠবেন?
“ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি আমরা সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। বিএনপি যতটুকু সম্ভব তাদের সহায়তা করবে, পাশে থাকবে।”
ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, সদস্য ইশরাক হোসেনসহ মহানগর নেতারা এই সময় আব্বাসের সঙ্গে ছিলেন।
