বিএনপির চাওয়া পূরণের এখতিয়ার জাতিসংঘের নেই: ওবায়দুল কাদের
“ফখরুল সাহেব লেখাপড়া করেছেন, জাতিসংঘের এখতিয়ারটা জানেন না,” মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের।
জাতিসংঘের অধীনে মানবাধিকার বিষয়ক যে তদন্ত কমিশন বিএনপি চেয়েছে, তা বাস্তবায়নের এখতিয়ার সংস্থাটির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে মূলত এসেছেন রোহিঙ্গাদের ব্যাপারে। এর সঙ্গে আরও অনেকের ‘কমপ্লেইন’ গেছে, এগুলো উনি জেনেছেন। উনি পারেন… উনার এখতিয়ার আছে এই ব্যাপারে বলা যে, ‘বাংলাদেশ এ ব্যাপারে ব্যবস্থা নিক’।
“তাদের (বিএনপির) এখানে একটা বড় ভুল আছে। ফখরুল সাহেব বলছেন, তাকেই (মিশেল ব্যাশেলে) নিন্দা করতে। এটা তো তার এখতিয়ার নেই। মনে হয় যেন ব্যাশেলেই শেখ হাসিনার সরকারকে শাস্তি দিয়ে দেবে। ফখরুল আবার বলেছেন, জাতিসংঘের অধীনেই তদন্ত কমিশন। এটা কোনো দিন হয়? ফখরুল সাহেব লেখাপড়া করেছেন, জাতিসংঘের এখতিয়ারটা জানেন না।”
কাদের বলেন, “এখতিয়ার হচ্ছে, বাংলাদেশ সরকারকে বলতে পারে এইসব বিষয়ে ‘কনসার্ন’ আছে, তুমি এই ব্যাপারে ‘ইনভেস্টিগেট’ করো। কিন্তু তাদের অধীনে (তদন্ত) হবে না, আর ব্যাশেলেও সাজা দিতে পারবেন না। এটা তার এখতিয়ারে নেই।”
সরকার ‘খাদের কিনারায়’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এ কথা শুনছি ১৩ বছর ধরে। ১৩ বছর ধরে, আজ নয় কাল, রোজার ঈদের পর কোরবানি ঈদ, কোরবানি ঈদের পর পরীক্ষা... এইভাবে বন্যা, আসন্ন বন্যা আছে, এভাবে এটার পর এটা, শুধু দিন তারিখ দিয়েছে। দেখতে দেখতে ১৩ বছর। এই সময়ে এক দিনেও একটা আকর্ষণীয় মিছিল তাদের নেত্রীর মুক্তির দাবিতে এই শহরে করতে পারেনি।
“তাদের নেতিবাচক রাজনীতি আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। শক্তি পরীক্ষা করবেন? বড় বড় কথা না বলে আগামী নির্বাচনে আসেন। প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখা যাবে জনপ্রিয়তা কার?”
বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, “শেখ হাসিনার জনপ্রিয়তা... সারা দুনিয়া প্রশংসা করে, আর আপনারা হিংসায় মরেন। হিংসায় জ্বলেন। এই হিংসা করতে করতে সরকারের পতন ঘটাতে ঘটাতে ১৩টা বছর চলে গেল। এখন মানুষের প্রশ্ন, কবে দেখা দেবে সোনার হরিণ? ক্ষমতায় ময়ূর সিংহাসন? সব স্বপ্ন। এই স্বপ্ন দেখতে দেখতে, রঙিন খোয়াব দেখতে দেখতে আপনারই এখন খাদের কিনারায় পড়ে যাবেন। বেশি দেরি নেই।”
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সঞ্চলনা করেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী অনুষ্ঠানে বক্তব্য দেন।
