২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ৫১ নেতাকর্মী অভিযুক্ত

সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন রেখেছেন বিচারক

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ৫১ নেতাকর্মী অভিযুক্ত
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 02:26 PM

Updated : 15 Sep 2022, 03:07 PM

পাঁচ বছর আগে ঢাকার দৈনিক বাংলা মোড়ে গাড়ি ভাঙচুরের এক মামলায় আমানুল্লাহ আমানসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন রেখেছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান ছাড়াও খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল রয়েছেন এ মামলার আসামিদের মধ্যে। আসামিরা সবাই বর্তমানে জামিনে আছেন।    

অভিযোগ গঠনের শুনানিতে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনানো হয়। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচারকের কাছে ন্যায়বিচার চান।

আসামিদের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানিতে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, “এ মামলা ভুয়া, অভিযোগপত্র পক্ষপাতমূলক। আসামিদের অব্যাহতি দেওয়া হোক।”

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো.  আখতারুজ্জামান ভূইয়া লাবু অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আর্জি জানান।

শুনানি শেষে বিচারক আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ২০১৭ সালের ১০ অক্টোবর সকালে রাজধানীর দৈনিক বাংলার ক্রসিংয়ের সামনে বিএনপি নেতা আমানের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল বের করে। ওই সময় তারা ‘যানবাহন ভাঙচুর’ করেন। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ‘বাধা দেওয়ার’ পাশাপাশি তাদের উপর ‘হামলাও’ চালান।

ওই ঘটনার পরদিন মতিঝিল থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আমান, খোকন, সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ তদন্ত শেষে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন, যাদের মধ্যে ১৩ জনের নাম মামলার এজাহারে ছিল।