২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-সারের মূল্যবৃদ্ধি: ২৫ অগাস্ট বামদের আধা বেলা হরতাল

সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের পৃথক ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 04:15 PM

Updated : 16 Aug 2022, 04:15 PM

জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য আগামী ২৫ অগাস্ট আলাদাভাবে সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে।

একই দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল বাম জোটের। শাহবাগ মোড়ে পুলিশ সেই মিছিল আটকে দেয়। সেখানে এক সমাবেশে হরতালের ঘোষণা দেন জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার।

তিনি বলেন, “আমাদের এই কর্মসূচির স্লোগান হল- দাম কমাও, জান বাঁচাও। এই দেশে ৫ শতাংশ মানুষ বেহেশতে আছে। আর ৯৫ শতাংশ মানুষ হাবিয়া নামক জাহান্নামে আছে। দেশে দুই ধরনের অর্থনীতি চলছে।

“একটা হচ্ছে ৫ শতাংশ মানুষের অর্থনীতি, যারা দেশের টাকা লুট করছে। আরেকটি হচ্ছে ৯৫ শতাংশ মানুষের অর্থনীতি, আমরা এই ৯৫ শতাংশ মানুষের সঙ্গে আছি।”

২৫ অগাস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে বলে জানান তিনি।

সিপিবি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ (খালেকুজ্জামান) সহকারী সম্পাদক রাজেকুজ্জামান রতন সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে আট দফা দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট। সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে পুলিশের বাধা ভেঙে এগোতে চাইলে বাম জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওই একই দিন সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম উপস্থিত ছিলেন।