০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংসদ সদস্যদের শপথ নিয়ে কথা ‘আদালত অবমাননা‘: অ্যাটর্নি জেনারেল

বিএনপি নেতারা বলে আসছেন, বর্তমানে সংসদে সদস্য রয়েছেন ৬০০ জন।

সংসদ সদস্যদের শপথ নিয়ে কথা ‘আদালত অবমাননা‘: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 06:50 PM

Updated : 21 Jan 2024, 06:51 PM

সংসদ সদস্যদের শপথ নিয়ে ‘অসাংবিধানিক‘ তথ্য ছড়ানো আদালত অবমাননার শামিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

রোববার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথকে যারা অসাংবিধানিক বলে তথ্য ছড়াচ্ছেন তারা আদালত অবমাননা করছেন।“ 

বিএনপি নেতা, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলে আসছেন, সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ ‘সংবিধানসম্মত’ হয়নি। 

তার ভাষ্য, আগের সংসদের মেয়াদপূর্তির আগেই নতুন নির্বাচিতরা শপথ নেওয়ায় বর্তমানে সংসদে ‘৬০০ সদস্য রয়েছেন’ 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকও একই মন্তব্য করেছেন। 

গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “বাংলাদেশে এখন এমপি ছয়শ জন। ২৯ তারিখ পর্যন্ত এই সংসদ (একাদশ), সেই সংসদের সদস্যরা এখনও বহাল আছেন। কী করে সম্ভব? সংবিধানের কোন আইনে লেখা আছে এরা শপথ করতে পারবেন?“

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। যদি খোকন বলে থাকেন, তিনিও আদালত অবমাননা করেছেন।” 

এর আগেও তিনি এ বিষয়ে বলেছিলেন, সংবিধানে বলা আছে নতুন নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচিত হবেন কিন্তু আগের সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না। আগের সংসদের মেয়াদ শেষ হলে নতুন সংসদের কাজ শুরু হবে। 

বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “এ বিষয়ে এখন কথা বলা দুর্ভাগ্যজনক।“ 

আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের মেয়াদ রয়েছে। পরদিন ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। ইতোমধ্যে দ্বাদশ সংসদের ২৯৯ জন সদস্য শপথ নিয়েছেন।  

পুরনো খবর:

পুরানো খবর:

দেশে এখন এমপি ৬০০ জন: ফারুক