জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড: নিবন্ধন শেষ হবে ৩১ অগাস্ট
পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে এ বছর নভেম্বরে।
তরুণ উদ্যোক্তা ও সংগঠনের কাজের স্বীকৃতি দিতে ষষ্ঠবারের মত আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত এ পুরস্কারের জন্য আবেদন করা যাবে ৩১ অগাস্ট পর্যন্ত।
পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে এ বছর নভেম্বরে।
ইয়াং বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি প্রয়োজনে তরুণরা যে সংগঠনের মাধ্যমে সাড়া দিয়েছেন সেসব সংগঠন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।
এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের সংগঠন, যারা অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত তারাও আবেদন করতে পারবে।
পুরস্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত দুই বছর হতে হবে।
এছাড়া সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাবকেও আবেদন করতে আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা।
অ্যাওয়ার্ডের আবেদন করা যাবে ইয়ং বাংলার ওয়েবসাইটে (jbya.youngbangla.org) এবং সেখানেই মিলবে বিস্তারিত তথ্য।
জমা পড়া আবেদনগুলো ১ অক্টোবরের পর বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরপর বাছাই করা সংগঠনগুলোর কাজ এবং সমাজে এর প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে সামাজিক অন্তর্ভুক্তি ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়নে সেরা ১০টি পুরস্কার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বিচারকদল কঠোর প্রক্রিয়া অনুসরণ করে আবেদনকারীদের মধ্যে থেকে সেরাদের বাছাই করবে।
মানবিক কাজ ও সমাজে অবদানের জন্য দেশের সেরা যুব সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান 'জয় বাংলা' অনুসারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়।
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্য ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্ট্রি হিসেবে ইয়াং বাংলা ফ্ল্যাটফর্মের সার্বিক দেখভাল করে থাকেন রাদওয়ান মুজিব।
গত পাঁচ আসরে পুরস্কার পাওয়া সংগঠনগুলোর পাশাপাশি ইয়াং বাংলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে একশটিরও বেশি সংগঠন। এসব সংগঠনসহ এর সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও তিন লাখের বেশি সদস্য।
