প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ‘কল্পনাও করতে পারি না’: ফখরুল
“শুধু বেগম জিয়াকে এই অবস্থায় রেখে না, হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না,” বলেন তিনি।
লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে সরকারের ‘স্বৈর চেহারা ফুটে উঠেছে’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তার বক্তব্যে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘অমানবিকতা’ উঠে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এসব দাবি করেন। লন্ডনে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘নিন্দা জানানোর ভাষা নেই আমাদের। এত অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য একজন দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি যে এরকম বক্তব্য দিতে পারেন এটা আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না।”
তার ভাষ্য, “তার এই বক্তব্যের মধ্যে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিকভাবে যে এদেশের মালিক একজন, এদেশে হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগও তিনি নিয়ন্ত্রণ করেন, প্রশাসনে আইন বলে কোনো তোয়াক্কা তিনি করেন না এবং যাবতীয় অপকর্মগুলো তিনিই নির্দেশদাতা।”
মির্জা ফখরুল বলেন, ‘‘গতকালের (সোমবার) বক্তব্যে দেশনেত্রীর চিকিৎসার ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) যা বলেছেন এর ভেতরে যে কত প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা তা বক্তব্যে চলে এসেছে। কতটা অমানবিক হলে কতটা ইনহিউম্যান হতে পারে একজন নেত্রী সম্পর্কে এরকম ভাষায় কথা বলতে পারে।
সোমবার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘‘আন্দোলনের নামে নির্বাচনের আগে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষেরা ওপর হামলা বা হামলার ঘটনা ঘটলে রেহাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না।”
সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় রেখে নির্বাচনে যাওয়ার বিষয়ে এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘‘প্রশ্নই উঠতে পারে না। শুধু বেগম জিয়াকে এই অবস্থায় রেখে না, হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এটা আমাদের পরিষ্কার কথা। আবার রিপিট করলাম।”
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
