২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী প্রার্থী বাড়াতে দলগুলোকে সংখ্যা নির্ধারণ করে দিতে সুপারিশ

‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনে এক কর্মশালায় এসেছে এই সুপারিশ।

নারী প্রার্থী বাড়াতে দলগুলোকে সংখ্যা নির্ধারণ করে দিতে সুপারিশ

কর্মশালায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নারী নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 01:48 AM

Updated : 13 Dec 2022, 01:48 AM

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ আসনে নারীদের মনোনয়ন দিতে ‘একটি নির্ধারিত সংখ্যা’ রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বেঁধে দেওয়ার জন্য সুপারিশ এসেছে।

সোমবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নারী প্রতিনিধি ও মনোনয়নপ্রত্যাশীদের অংশগ্রহণে ‘রাজনীতিতে নারী নেতৃত্বের বিকাশ’ শীর্ষক এক কর্মশালায় এ সুপারিশ তুলে ধরা হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্প ঢাকায় একটি হোটেলে এসপিএল প্রকল্পের ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মশালা আয়োজনের লক্ষ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনে সংসদে নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সাধারণ আসনের জন্য মনোনয়ন বাড়ার গুরুত্ব তুলে ধরা। বাংলাদেশে বৃহত্তর জেন্ডার সমতা অর্জনের লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণের প্রত্যাশা ও জয়ের লক্ষ্যে তাদেরকে সবসময় বেশি সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী নেতাদের রাজনীতিতে নেতৃত্বের বৃহত্তর স্তরে যেতে ভালো একটা সুযোগ রয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ আসনে নারীদের আরও বেশি মনোনয়ন বাড়ার আহ্বান জানান নারী সংসদ সদস্য এবং সাধারণ আসনে মনোনয়ন প্রত্যাশীরা। 

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ২৩ জন নারী সংসদ সদস্য এবং সাধারণ আসনে মনোনয়ন প্রত্যাশীরা এই কর্মশালায় অংশ নেন।

প্যানেল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান; আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শরিফা কাদের এবং ইউএসএআইডি বাংলাদেশের ভারপ্রাপ্ত মিশন পরিচালক ক্যারি রাসমুসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতিশীল মনোনয়ন প্রত্যাশীরা বর্তমান নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং জাতীয় নির্বাচনে নারীদের মনোনয়ন বৃদ্ধিতে অ্যাডভোকেসি কৌশল তৈরি করেন।

যেসব সুপারিশমালা দিয়েছেন অংশগ্রহণকারীরা

  • প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে দল থেকে সাধারণ আসনে একটি নির্ধারিত সংখ্যা নারীদের মনোনয়ন দেবে, তা উল্লেখ থাকতে হবে।

  • নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদেরকে আর্থিক প্রণোদনার বিষয়ে নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে।

  • রাজনৈতিক দলগুলোর প্রতিটি কমিটিতে ৩৩% শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

  • রাজনৈতিক দলগুলোর নারী নেতাদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।

২০১১ সাল থেকে ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইন রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের রাজনীতি ও জনজীবনের সব ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রচেষ্টায় সহায়তা করছে।

এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ২০,০০০ এর বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে যা আজ পর্যন্ত ৬২১টি তৃণমূল কমিটিতে ৬,৮২৯ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।