জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দলের বার্ষিক আর্থিক হিসাব জমা দেন।
Published : 27 Jul 2023, 02:46 PM
সাত মাস পার করে ২০২২ সালের আর্থিক হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি; তাতে দেখা যাচ্ছে, দলটির আয় ও ব্যয় দুটোই আগের বছরের চেয়ে বেড়েছে।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন ভবনে গিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে বার্ষিক আর্থিক হিসাব জমা দেন।
রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২২ সালে তাদের দলের আয় হয়েছে দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি আছে এক কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।
পুরানো খবর:
জাতীয় পার্টির আয় বেড়েছে ৬৪%এই হিসাবে গত বছরের তুলনায় দলটির আয় বেড়েছে ১০ শতাংশ, ব্যয় বেড়েছে ৫০ শতাংশের বেশি।
২০২১ পঞ্জিকা বছরে ব্যাংক জমাসহ ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা আয় দেখিয়েছিল জাতীয় পার্টি। আর ব্যয় দেখানো হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থীতি ছিল ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।
দলের মনোনয়ন ফরম বিক্রি, সদস্যের চাঁদা, প্রকাশনা বিক্রি ইত্যাদি থেকে দলটি আয় করে। আর ব্যয় হয় প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন ইত্যাদি খাতে।
প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে।