নির্বাচনে ‘হারবে’ বলে শেখ হাসিনাকে ‘হটানোর ষড়যন্ত্র’: কাদের
মুজিবনগর দিবসে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার আওয়ামী লীগের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হটানোর ষড়যন্ত্র’ চলছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জিততে পারবে না বুঝে বিএনপির নেতৃত্বে এই ‘ষড়যন্ত্র’ চলছে।
মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাঙালির ইতিহাসে চলার পথে বারবার ‘ষড়যন্ত্র’ হয়েছে এবং এখনও তা চলছে।
“আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে। তারা জানে আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।"
বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ বিনির্মাণে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
"আজকে মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।”
ওবায়দুল কাদের বলেন, "এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। “
