সমাবেশের নামে চাঁদাবাজিতে বিএনপি: তথ্যমন্ত্রী
বিএনপি যাতে সঠিকভাবে সমাবেশ করতে পারে, সেজন্য সরকার সহযোগিতা করছে, দাবি তথ্যমন্ত্রীর।
সমাবেশ করার নামে বিএনপি দেশজুড়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ করেন।
তার ভাষ্য, “বিএনপি চট্টগ্রামে সমাবেশের নামে ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা নিয়েছে। ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগীয় সমাবেশ করার জন্য বিরাট একটি চাঁদার প্রকল্প তৈরি করেছে।
“আমি এটিও শুনতে পেলাম যে, চট্টগ্রামে সমাবেশের নামে যে চাঁদা উঠেছিল তার অর্ধেক তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।"
সমাবেশে মানুষকে যেতে বাধা দেওয়া হয়েছে- বিএনপির এ অভিযোগ খণ্ডন করে হাছান মাহমুদ বলেন, “বিএনপি এ ধরনের বাধার কথা যখন বলে, আমি তাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে বলি। ২১ অগাস্টের সমাবেশে হামলা বিএনপি করেছিল; কিবরিয়া সাহেবের সমাবেশে, সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে এবং নারায়ণগঞ্জের সমাবেশে, আহসান উল্লাহ মাস্টারের সমাবেশে হামলা বিএনপি করেছিল।
“সারাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সমাবেশে হামলা করে তারা বহু মানুষকে হত্যা করেছে। তাদের আমলে আওয়ামী লীগ অফিসের সামনে স্থায়ী কাঁটাতারের বেড়া দেয়- যেন কেউ এর বাইরে যেতে না পারে, সেই ব্যবস্থা করেছিল। বিএনপি এখন যে সমাবেশ করছে, কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি।”
বিএনপি যাতে সঠিকভাবে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সহযোগিতা করছে দাবি করে হাছান মাহমুদ বলেন, “কিন্তু সমাবেশের নামে তারা অতীতে যেহেতু ভাংচুর, অগ্নিসংযোগ, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করেছে, সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হয়।
“সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। সেটির স্বার্থে অনেক ক্ষেত্রে তল্লাশি করতে হয়েছে বা হচ্ছে।"
এসময় নিজের ট্যাবে আওয়ামী লীগ আমলে বিএনপির সমাবেশ এবং বিএনপির আমলে আওয়ামী লীগের সমাবেশের ছবি দেখিয়ে তথ্যমন্ত্রী বলেন, “দেখুন আওয়ামী লীগের আমলে বিএনপি নেতারা মঞ্চে সাজগোজ করে বসে আছে। আর আমরা যখন সমাবেশ করেছি, তখন আমাদের ওপর গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে।
“আমি নিজেও গ্রেনেড হামলায় আহত হয়ে বহুদিন হাসপাতালে ছিলাম। এখনও ৪০টি স্প্রিন্টার আমার শরীরে আছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।"
একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ স্বীকৃতি দিতে শুক্রবার প্রস্তাব ওঠে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে। ওই প্রস্তাবে নৃশংস হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, “মার্কিন প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব উপস্থাপন করার জন্য মার্কিন কংগ্রেসম্যানদের আমি ধন্যবাদ জানাই। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘ যাতে স্বীকৃতি দেয়, সেজন্য আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
“বাংলাদেশে ১৯৭১ সালে ৩০ লাখ মানুষকে যে হত্যা করা হয়েছে, ২ লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি। রুয়ান্ডার গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৯৭১ সালে।”
