০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জনগণ ভোট দিয়ে ‘ভোট বর্জনকারীদের প্রত্যাখান করেছে’: কাদের

যারা বলেছিলেন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না, তাদের ধারণা ‘ভুল’ প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 12:20 PM

Updated : 07 Jan 2024, 12:40 PM

নোয়াখালীতে নিজের ভোট দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, যারা ‘ভোট বর্জনের’ আহ্বান জানিয়েছিলেন, দেশের মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

যারা বলেছিলেন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না, তাদের ধারণা ‘ভুল’ প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

নোয়াখালী-৫ আসনের কোম্পানিগঞ্জের উদায়ন প্রিক্যাডেট অ্যাকাডেমি প্রাথমিক কেন্দ্রে সকাল সোয়া ১০টার দিকে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কাদের।

তিনি বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, যারা ভোট বর্জন করতে অনুরোধ করেছিল ভোটাররা তাদেরই বর্জন করেছে। সকাল থেকেই হাসিখুশি ও উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে।“

নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ হচ্ছে দাবি করে কাদের বলেন, “গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। প্রতিযোগিতামূলক নির্বাচনই নির্বাচনের স্বার্থকতা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের গণতন্ত্রের জন্য সুখবর। যারা বলে নির্বাচন অংশ গ্রহণমূলক হচ্ছে না এই লড়াই তাদের ভুল প্রমাণ করেছে।“

ভোটের আগের দুই মাস ধরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আন্দোলন-অবরোধে ছিল বিএনপি ও তাদের সমমনাদলগুলো। এই আন্দোলনের পুরোটা সময় জুড়ে ঢাকাসহ সারাদেশের যানবাহন ও সরকারি কিছু স্থাপনায় অগ্নি নাশকতা চলেছে, ঘটেছে প্রাণহানিও।

নাশকতাকারীদের ‘পরাজয়’ হয়েছে মন্তব্য করে কাদের বলেন, "আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।"

উদায়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন।