বিএনপি লড়াই করবে, অন্যরা বসে থাকবে, সেটা হয় না: ফখরুল
“আজকে সবাইকে নেমে আসতে হবে, সবাইকে রাজপথে নামতে হবে এবং তাদের ভয়েস যেটা… সোচ্চার কণ্ঠে উচ্চারণ করতে হবে।”
সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন কেবল বিএনপির বা রাজনৈতিক দলের নয় মন্তব্য করে সব পেশার মানুষকে রাস্তায় নেমে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির মহাসচিব এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্কসহ সাতটি দেশের কূটনীতিকরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, “সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো জাতি যখন তার অধিকারের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হয়। সেখানে সকলে কনট্রিবিউট করতে হয়।
“আজকে শুধু বিএনপি লড়াই করবে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো লড়াই করবে, অন্যান্যরা বসে থাকবে, সেটা হয় না। আজকে সবাইকে নেমে আসতে হবে, সবাইকে রাজপথে নামতে হবে এবং তাদের ভয়েস যেটা, সোচ্চার কণ্ঠে উচ্চারণ করতে হবে।”
গুলশানে হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘বাংলাদেশের সংবাদমাধ্যম: দুঃশাসনের দেড় দশক’ শিরোনামে এ সেমিনার হয়। তাতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
সেমিনারে ‘বাংলাদেশের সংবাদমাধ্যমে দুঃশাসনের দেড় দশক (২০০৯-২০২৩) নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “আজকে সকলে সাহস নিয়ে, বুকে সমস্ত শক্তি নিয়ে বেরিয়ে আসতে হবে। আমরা যে ১৯৭১ সালে যে যুদ্ধ নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলাম, আজকে আবার সেই গণতন্ত্রকে ফিরে পাবার জন্য, স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য, মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলনের তরঙ্গ তুলে, উত্তাল টেউ তুলে এদেরকে সরাতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে, পদত্যাগ করতে বাধ্য করতে হবে।
“সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারকে ক্ষমতা দিয়ে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে আমাদেরকে নতুন পার্লামেন্ট ও নতুন সরকার দিয়ে জনগণের পক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আমাদের কথা।”
গণমাধ্যম ‘নিয়ন্ত্রণ করতে’ করপোরেট মিডিয়া
গণমাধ্যমকে ‘পুরোপুরি নিয়ন্ত্রণ করে’ সরকার মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে বলে সেমিনারে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এর মাধ্যমে পার্লামেন্ট, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে সরকার।
তিনি বলেন, “আজকে ৫২ বছর পরে এসে আমাদের বলতে হচ্ছে, এখানে কোনো গণতন্ত্র নেই, আমাদেরকে বলতে হচ্ছে এখানে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। এখানে এসে বলতে হচ্ছে যে, এতগুলো যে মিডিয়া, এই মিডিয়াগুলো আসলে কোনো কাজ করতে পারে না, চাইলেও।
“এখানে সুকৌশলভাবে করপোরেট মিডিয়া তৈরি করা হয়েছে। সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো একেকটি পত্রিকার মালিক, একেকটি টিভি চ্যানেলের মালিক।”
বিএনপি মহাসচিবের দাবি, এই করপোরেট মিডিয়াগুলোর লক্ষ্য হল, মালিকদের ব্যবসা এবং সরকারের সুবিধাগুলো ভোগ করা, ব্যাংকের সুবিধা ভোগ করা এবং যারা টাকা পাচার করে দিচ্ছে তাদেরকে রক্ষা করা।
“খুব ইন্টারেস্টিংলি একটি গণমাধ্যমে আরেকটি গণমাধ্যমের বিরুদ্ধে যখন প্রচার করে, তখন দেখবেন একজন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রচার করছে। সবাই কিন্তু এই ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত,” বলেন ফখরুল।
সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন ফখরুল।
সেমিনারে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী এবং তাদের স্বজনরা বক্তব্য দেন।
বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর ফিরা আসা ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল অভিযোগ করেন, তার পরিবারের সদস্যদেরও এখনও হুমকি দেওয়া হয়। এ কারণে তারা ভাবেন, তিনি আবার ‘গুম’ হয়ে যাবেন।
“মৃত্যু তো আমি জানি না কোনখানে হবে। কিন্তু আমি নিয়ত স্পষ্ট করেছি, আমি সাংবাদিক সত্য কথা বলে যাব,” বলেন তিনি।
জামালপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর মেয়ে রাব্বাতুন জান্নাত বলেন, “আমরা কোনো দল করি না। আমরা এখানে এসেছি আব্বুর হত্যার সঠিক বিচার চাইতে।
“আমাদের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কমিটির নেতৃত্ব পেয়েছিল দুইজন রাজাকারের সন্তান…। এই নিউজের জের ধরে আব্বু প্রাণে বেঁচে গেলও ১৪ জুন তারা নির্দেশ দিয়ে প্রচণ্ড মারধর করে। আব্বু গুরতর আহত হয়ে ১৫ জুন মারা যান।
“আমার আব্বুর কি দোষ ছিল? আমরা তো জানি বাংলাদেশ রাজাকার মুক্ত। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কেন রাজাকারের সন্তানরা দেশ শাসন করবে?“
সাংবাদিকদের সংগঠন বিএফইউজের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ ও যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামালও সেমিনারে বক্তব্য দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, জয়নাল আবেদীন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, তাহসিনা রুশদীর লুনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাবিথ আউয়াল, ইশরাক হোসেনও সেমিনারে বক্তব্য দেন।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণফোরাম, কল্যাণ পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, পিপলস পার্টি, জাতীয় পার্টি (জাফর), গণঅধিকার পরিষদের দুই পক্ষ, নাগরিক ঐক্য, বিএলডিপি, ন্যাপ (ভাসানী), জমিয়তে উলামায়ে ইসলামের কয়েকজন নেতা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক শাহিদুজ্জামান, এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক এটিএম নুরুল আমিন, আলোকচিত্রী শহিদুল আলম বক্তব্য দেন সেমিনারে।
