২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রওশনের জাপা: পদ পেয়েও ফেরালেন সেন্টু

মুখপাত্র ‍সুনীল শুভ রায় জানিয়েছেন, পদত্যাগপত্র গ্রহণ করেননি রওশন এরশাদ।

রওশনের জাপা: পদ পেয়েও ফেরালেন সেন্টু

রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির শনিবারের সম্মেলনের পর শফিকুল ইসলাম সেন্টুকে কো চেয়ারম্যান করা হয়। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 09:45 PM

Updated : 11 Mar 2024, 09:45 PM

সম্মেলনের দুই দিনের মাথায় রওশন এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চাইছেন শফিকুল ইসলাম সেন্টু।

সোমবার দলের চেয়ারম্যান রওশন এরশাদের কাছে সাদা কাগজে নিজের স্বাক্ষর করা এক পদত্যাগপত্র জমা দেন তিনি।

পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন এই নেতা।

পদত্যাগপত্রে সেন্টু লেখেন, “কাউন্সিলে ৯ মার্চ আমি কো-চেয়ারম্যান পদে ঘোষিত হই। কিন্তু আমার দ্বারা এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। কারণ, আমার পারিবারিক কাজ ও স্বাস্থ্যগত সমস্যা এবং এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালনে সার্বক্ষণিক ব্যস্ততার মাঝে থাকতে হয়।

“এ বিষয়গুলোর আলোকে ঘোষিত কো-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।”

রওশনের পাশাপাশি পদত্যাগপত্রের অনুলিপি নির্বাহী চেয়ারম্যান ফিরোজ রশীদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদকেও দেওয়া হয়েছে।

পদত্যাগের বিষয়ে সেন্টু এবং নির্বাহী চেয়ারম্যান ও মহাসচিবের কাছে বার কয়েক ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে রওশনপন্থী জাপার মুখপাত্র সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (শফিকুল ইসলাম সেন্টু) একটু আবেগি মানুষ। দল থেকে নয়, কো-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চিঠি দিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান তা গ্রহণ করেননি।”

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির রওশনপন্থিদের জাতীয় সম্মেলন হয়। এতে সম্মেলনে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ আবু হোসেন বাবলাকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল মাহগির শাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান ঘোষণা করা হয়।

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। গত জানুয়ারিতে তাকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন

পুরনো খবর:

কাউন্সিল করে রওশনকে চেয়ারম্যান বানাল অনুসারীরা, মহাসচিব কাজী মামুন
এরশাদের অনুসারী সবাইকে এক ছাতার নিচে ডাকলেন রওশন