রোজায় কর্মসূচি পালন করলে আরও জনবিচ্ছিন্ন হবে বিএনপি: কাদের
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে হট্টগোল, মারামারির ঘটনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করা হবে।
রোজার মাসে বিএনপি যত কর্মসূচি পালন করবে ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
রোজার সময় সরকারবিরোধী কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি- এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “এতে করে তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে। রোজার মাসে সংযম না করে বিএনপি যতই আন্দোলন করবে তারা ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।”
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল, মারামারির ঘটনায় সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, “কোনো অপরাধ ও অপকর্ম যদি সরকারি ছত্রছায়ায় হয়ে থাকে, তখন সরকার যদি কাউকে ছাড় না দেয় তখন বুঝতে হবে; সরকারের এখানে শূন্য সহিষ্ণুতা বজায় রেখেছে। অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করা হবে। অপরাধী যতই প্রভাবশালী হোক।
“আমি যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না; অপরাধী অপরাধীই। অপরাধী যেই হোক, ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠোর।”
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, “রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটা বিষয় আছে। সরকার অত্যন্ত সতর্ক ও সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষের ক্রয ক্ষমতার মধ্যে থাকে। শেখ হাসিনার সরকার এ ব্যাপারে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রেক্ষাপটেও এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।”
এবার রমজানে সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করা হবে না জানিয়ে তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও সাধারণ মানুষের মাঝে ইফতার, ত্রাণ সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত ৯ মার্চ ময়মনসিংহ, কুমিল্লা সিটিসহ ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচন ‘মোটামুটি শান্তিপূর্ণভাবে’ হয়েছে জানিয়ে কাদের বলেন, “এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক অপপ্রচার হয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে অনেক অপবাদ ছড়ানো হয়েছে। কেউ কেউ বিবৃতি দিয়ে এই নির্বাচনের ব্যাপারে বিতর্কিত খবর পরিবেশন করেছেন।
“দেশের সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে টার্ন আউট ঈর্ষণীয়। …. নির্বাচনের প্রতি জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে- এ ধরনের অপপ্রচার যারা করে তাদের এই অপপ্রচারের বাস্তব কোনো ভিত্তি নেই।”
জনগণের রাজনীতির প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে টার্ন আউট প্রমাণ করে জনগণের নির্বাচনের প্রতি আকর্ষণ, আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে এবং শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা নিরাপদ। এটাই প্রমাণিত হয়েছে সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে। বিশ্ব সংকটে আমাদের পরিকল্পনা সাজাতে হবে। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি যথার্থ ক্রাইসিস ম্যানেজার। সারা বিশ্বই তার নেতৃত্বের প্রশংসা করেছে।”
বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “নিরপরাধ ব্যক্তি এখানে নিপীড়নের শিকার হচ্ছে না। যারা অপরাধী, সন্ত্রাস করে, আগুন সন্ত্রাসে জড়িত, জনগণের জানমাল রক্ষায় তাদের ছাড় দেয়া কোনো দেশপ্রেমিক সরকারের পক্ষে সম্ভব নয়। বিএনপি নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে দলটির শীর্ষ নেতারা ক্রমাগত মিথ্যচার করে যাচ্ছেন।"
দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
