সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে সমাবেশ-শোভাযাত্রা
আগামী ৬ মার্চ সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি –সিপিবির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে পতাকা উত্তোলন, দলীয় সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
দেশের শ্রমিক ও কৃষকসহ সর্বস্তরের দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সিপিবির কেন্দ্রীয় নেতা লুনা নূরের সই করা এক বিবৃতিতে আগামী ৬ মার্চ সারাদেশের সব কমিটি ও শাখায় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
সিপিবি ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির (সিপিআই) উত্তরসূরী। ১৯৪৮ সালের ৬ মার্চ পার্টির দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক কমিটি গঠন করেন।
পরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনেও দলটির সক্রিয় অংশগ্রহণ ছিল।
