বিএনপিকে জবাব দেওয়া হবে যুব সমাবেশে: পরশ
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ।
বিএনপির রাজপথ দখলের হুঁশিয়ারির জবাব যুব সমাবেশের মাধ্যমে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের প্রতিষ্ঠার সূবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা জানেন বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। ওদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যে আগামী যুবলীগ একলাই দিতে পারে, তা ১১ নভেম্বর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করব ইনশাল্লাহ।”
আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভাগীয় শহরগুলোতে বিএনপির গণসমাবেশ কর্মসূচিকে ঘিরে পরিবহন ধর্মঘট এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এমন ঘোষণা এল যুবলীগ চেয়ারম্যানের কাছ থেকে।
নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, “আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সর্বসাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন।
বর্ধিত সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ অন্যা নেতারাও বক্তব্য দেন।
