১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅধিকার পরিষদের কার্যালয়ে ইসির যাওয়া একদিন পেছাল

ওই কার্যালয়ে কাউন্সিল আয়োজনের কথা ইসিকে জানিয়েছিলেন নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের কার্যালয়ে ইসির যাওয়া একদিন পেছাল

কাউন্সিল উপলক্ষে দুই শতাধিক নেতা-কর্মী সমবেত হয়েছেন গণঅধিকার পরিষদের কার্যালয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 09:03 PM

Updated : 10 Jul 2023, 09:03 PM

গণঅধিকার পরিষদের নিবন্ধনের জন্য দলটির কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা সরেজমিন পুনঃযাচাইয়ে ইসি কর্মকর্তাদের পরিদর্শন একদিন পিছিয়েছে।

সোমবার বিকাল এই পরিদর্শন হওয়ার কথা ছিল। বিবাদমান দলটিতে নুরুল হক নুরের পক্ষের কাউন্সিল চলার মধ্যে এদিন আর যাননি ইসির কর্মকর্তারা।

তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমরা যাইনি সেখানে। কাল (মঙ্গলবার) ৩টায় সরেজমিন তথ্য যাচাই করতে যাব।”

তিনি জানান, দলের কাউন্সিল হচ্ছে বলে রোববার ইসিকে জানিয়েছিলেন নুর। তিনি সময় চেয়েছিলেন।

দুই বছর আগে গঠিত গণঅধিকার পরিষদে আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সম্প্রতি নুরের পক্ষ আহ্বায়কের পদ থেকে রেজাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে পাল্টা পদক্ষেপে নুরকেও সদস্য সচিবের পদ থেকে অপসারণের ঘোষণা দেন রেজা।

এই কোন্দলের মধ্যে পুরানা পল্টনের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে সোমবার দলের প্রথম কাউন্সিল অধিবেশনে বসেন নুরের পক্ষ।

পুরনো খবর:

কাউন্সিল করছে নুরের গণঅধিকার পরিষদ

কোন্দলের আগেই দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছিল, যাতে আগামী সংসদ নির্বাচনে তারা দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারে।

এর পরিপ্রেক্ষিতে নিবন্ধনের শর্ত পূরণ হয়েছে কি না, তা দেখতে ইসির এই পরিদর্শন। দলটির দুই পক্ষই নির্বাচন কমিশনের নিবন্ধন সংক্রান্ত ‘পুনঃযাচাই কমিটি’র কাছে ধরনা দিয়েছে।

নুর যেমন কাউন্সিলের খবর ইসিকে জানিয়েছেন। তেমনি রেজা কিবরিয়ার পক্ষেও রোববার দলটির দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শুভ ইসিতে চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়, রেজা কিবরিয়াকে দুই-তৃতীয়াংশের ভোটে অপসারণ করা হয়েছে বলে যে দাবি করা হয়, যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং প্রতারণামূলক। তিনি দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন।

এই প্রেক্ষাপটে ইসির কর্মকর্তা ছালাম বলেন, “আমরা চিঠি পেয়েছি। কিন্তু সরেজমিন যাচাই করে আসল চিত্র পাব।”

পুরনো খবর:

নিবন্ধন: গণঅধিকার পরিষদের অফিসে যাচ্ছে ইসির তথ্য পুনঃযাচাই কমিটি
গণঅধিকার পরিষদের পল্টনের অফিস ছাড়তে বাড়িওয়ালার নোটিস