এক বছরে জুলাই হত্যাকাণ্ডের বিচারে ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়নি: আখতার
প্রয়োজনে বিচার বিভাগের কলেবর বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এক বছর সময় হলেও জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন আয়োজিত জুলাই স্মরণানুষ্ঠানে তিনি বলেন, “বিচার ব্যবস্থার পুরো জায়গার যে কলেবর, আওয়ামী লীগ বা তাদের কিছু দোসরকে আমরা এর সঙ্গে যুক্ত করতে পেরেছি। তাতে মোটাদাগে মনে হয় যে, এতগুলো মানুষ যারা অপরাধী, এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হল, তার অল্প কিছু মানুষকে আমরা বিচারের কাঠামোর মধ্যে নিয়ে আসতে পেরেছি।
“এবং সেই বিচারিক কাঠামো, একটা বছর হয়ে গেছে সেটা এখনো পর্যন্ত খুব দৃশ্যমান অগ্রগতির দিকে দিকে আমরা পৌঁছাতে পারিনি।”
রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান প্রতিবেদনে জুলাইয়ে রাষ্ট্রীয় বাহিনীর ‘বেআইনি কার্যক্রম’ এবং সরকারের ’উপর মহল থেকে নির্দেশনা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত’ করার বিষয় উঠে আসার কথা তুলে ধরে তাদের বিচারের আওতায় আনতে না পারার কথা বলেন আখতার।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত এনসিপির এই নেতা বলেন, “বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে আমরা খেয়াল করে দেখেছি যে, এতগুলো মানুষ হত্যার শিকার হলেন, এতগুলো মানুষ গ্রেপ্তারের শিকার হলেন, নির্যাতনের শিকার হলেন এবং সরাসরি শেখ হাসিনা যিনি আদেশ দিয়ে বাংলাদেশের মানুষদেরকে মারণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিলেন। এবং এই গোটা প্রক্রিয়ার সঙ্গে পুলিশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলি তাদের যে সংযোগ এই পুরো বিষয়টাতে; কিন্তু আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি।”
প্রয়োজনে বিচার বিভাগের কলেবর বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিচারকে আরো সহজর করার জন্য এবং এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা এবং যারা বিদেশে আছে তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে।”
জাতিসংঘের ওই প্রতিবেদনে বাংলাদেশে একটি ‘গভীর সংস্কারের’ প্রয়োজনীয়তার সুপারিশ উঠে আসার কথা তুলে ধরে আখতার বলেন, “বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং বাংলাদেশের সংবিধান সেখানে যে সাংবিধানিকভাবে একটা বৈষম্যের জায়গা তৈরি করে ফেলা হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে।
“আমরাও এ কথাকে চূড়ান্তভাবে ধারণ করি এবং মনে করি বাংলাদেশ রাষ্ট্রটি অতীতে যে কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে, সেই কাঠামো থেকেই বেরিয়ে এসে নতুন বন্দোবস্তের আলোকে নতুন কাঠামোতে আমাদের দৃষ্টি পরিচালিত হওয়া প্রয়োজন।”
তিনি বলেন, “আমাদের দলের তরফ থেকে ঐকমত্য কমিশনে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেছি।
“অনেকগুলো জায়গাতেই মৌলিক সংস্কারকে যেন আরো বাস্তবায়নযোগ্য করা যায়, সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি।”
এনসিপির সদস্য সচিব বলেন, “আমাদের বিচার বিভাগ সেটাকে স্বাধীন করার কথা বলা হয়েছে। যেটা অতীতে আমরা দেখেছি, দলীয়ভাবে সেখানে নিয়োগ থেকে শুরু করে… যে সরকার ক্ষমতায় ছিল তাদের অনুমতি নিয়ে রায় প্রকাশ করার মতো ঘটনাগুলো সেখানে ঘটেছে।
“অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় দায়িত্বের জায়গা, আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবার, যারা অনেক ভাবে এখন নিপীড়িত অবস্থায় রয়েছেন, তাদের জন্য পুনর্বাসন প্রকল্প ব্যবস্থা করা।
“এবং আমাদের যারা আহত ভাইয়েরা আছেন, অনেকে এখনো পর্যন্ত সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেতে পারেন নাই। তাদেরকে যেন পরিপূর্ণভাবে সঠিক চিকিৎসা সরকারের তরফ থেকে প্রদান করা হয়।”
