ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
ঘণ্টাব্যাপী আলাপে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি।
ঢাকার গুলশানে বিএনপি চেয়ার পারসনের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে সাক্ষাৎ অনুষ্ঠান হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও সাক্ষাতে ছিলেন। সেখানে ঘণ্টাব্যাপী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্রিফিংয়ে বলেন, “দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কোথায় সহযোগিতা করা যায়, বিশেষ করে শিক্ষা, কৃষি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
“বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন সমস্যা আছে, এগুলো কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো উঠে এসেছে। কীভাবে তারা সমাধান করবেন, তা নিয়ে আলোচনা হয়েছে।”
নির্বাচনের নিয়ে আলোচনার কথা তুলে ধরে খসরু বলেন, “নির্বাচনের ক্ষেত্রে এখানে অস্ট্রেলিয়ার একটি সহযোগিতা আছে। নির্বাচন কমিশনে একটা বড় ধরনের সহায়তা করে। তারা চাচ্ছে, একটা সুষ্ঠু নির্বাচন যেন বাংলাদেশে হয়ে যায়, তার জন্য অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।”
