১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত আমিরের এক্স 'হ্যাকড': বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

এর আগে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।

জামায়াত আমিরের এক্স 'হ্যাকড': বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
ভিডিও থেকে নেওয়া ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 08:25 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক করার' অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

বঙ্গভবনের এই প্রোগ্রামারকে মঙ্গলবার মধ্যরাতের পরে ডিবি হেফাজতে নেওয়ার তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, “তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।”

জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

এ নিয়ে বিক্ষোভ ও বাদ-প্রতিবােদের মধ্যে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।

এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারকে আটক করা হয়।

তাকে ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালায় ঢাকা মহানগর ডিবি বলে জানান তিনি।

এর আগে বিকালে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়।

এ বিষয়ে বঙ্গভবনে অভিযোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

জামায়াত নেতারা বলছেন, বঙ্গভবনে গিয়ে জামায়াতের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠকে তারা অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এ বিষয়ে বঙ্গভবন থেকে কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জামায়াতে ইসলামে নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

ওই পোস্টে বলা হয়, “নারী প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয়, বরং নীতিগত। নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটা অনুমোদন করেননি।

“আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামের নারীদেরকে ঘরের বাইরে ঠেলে দেওয়া হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটা পতিতাবৃত্তি ছাড়া কিছু নয়।”

 বিএনপির পক্ষ থেকে এ পোস্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। ছাত্রদল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। নারীদের একটি দল এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে।

ওই পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে শনিবার রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। দলের প্রধান শফিকুরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্ট দেওয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেও জামায়াতের তরফে দাবি করা হয়, দলের প্রধানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, যা কিছু সময় পরই উদ্ধার করা সম্ভব হয়।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ