২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমনের বিরুদ্ধে গোলাপের মামলা, ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

যুক্তরাষ্ট্রে গোলাপের ‘বাড়ি’ নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল।

সুমনের বিরুদ্ধে গোলাপের মামলা, ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আবদুস সোবহান গোলাপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 10:45 PM

Updated : 16 Feb 2023, 10:54 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বৃহস্পতিবার ঢাকার আদালতে করা এই মামলায় তিনি ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আরজি জানিয়েছেন।

ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলা করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাপ।

যুক্তরাষ্ট্রে গোলাপের ‘বাড়ি’ নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল।

আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন সুমন, গত বছর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন; এরপর সাংবাদিকদের সঙ্গেও কথাও বলেছিলেন তিনি।

অভিযোগে তিনি বলেন, “আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

দুদকে অভিযোগ দেওয়ার পর সুমন বলেছিলেন, “মাদারীপুরের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, যার বিষয়ে আমি একটা ভিডিও করেছি। ‘অরগানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি প্রজেক্ট।

“যেখানে বলা হয়েছে, আব্দুস সোবহান গোলাপ নিউ ইয়র্কে ৯টা প্রপার্টিজ করেছেন। যেগুলো তার নিজের নামে আছে এবং এখন পর্যন্ত তিনি বিষয়টি অস্বীকার করেননি।”

Image

সৈয়দ সায়েদুল হক সুমন

ভিডিও প্রচার এবং দুদকে মামলার কারণে মানহানি হয়েছে উল্লেখ করে আবদুস সোবহান গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক সপ্তাহ আগে সুমনকে আমি উকিল নোটিস দিয়েছি, এর কোনো জবাব পাইনি। আজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দিয়েছি।”

মানহানির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি জাতীয় সংসদের সদস্য, আমি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট মেম্বার, শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি।

“আমাকে নিয়ে দেশে-বিদেশে ভিডিওর মাধ্যমে এবং দুদকে গিয়ে বিভিন্ন মিডিয়াতে মিথ্যা অপপ্রচার করেছে, এতে করে সামাজিকভাবে আমার মানহানি হয়েছে। আমি সেই কারণে ৫০০ কোটি টাকার মামলা করেছি।”

উকিল নোটিসের কথা তুলে ধরে গোলাপ বলেন, “মামলা করার আগে আমি উকিল নোটিস দিয়েছি, সেখানে বলেছিলাম, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের জন্য আবার লাইভে এসে ক্ষমা চাইতে হবে, সব স্থানে মিথ্যাচারের জন্য মাফ চাইতে হবে। আমি কোন উত্তর পাইনি।”

মামলার প্রতিক্রিয়া জানতে চাইলে সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো উকিল নোটিস আমি পাইনি। আর মামলা হয়েছে- এমন খবর আপনার কাছ থেকেই প্রথম পাইছি। আমার কাছে কোনো কাগজ আসে নাই।"