২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ চালাবে কারা, সেই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা

“পোলিং এজেন্ট আর পোলিং পার্সোনাল ঠিক থাকলে চুল পরিমাণ অনিয়মের সুযোগ নেই,” বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

আগামী পাঁচ বছর দেশের নেতৃত্বে কারা থাকবেন— সেই সিদ্ধান্ত নেওয়ার শেষ লগ্নে পৌঁছে গেছেন প্রায় পৌনে ১৩ কোটি ভোটার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা বাজতেই খুলে যাবে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের দরজা। 

এবার দেশের মানুষ শুধু আইনপ্রণেতা নির্বাচনের জন্যই ভোট দিচ্ছেন না; রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদের পরিণতি কী হবে, সে সিদ্ধান্তও নিতে হচ্ছে তাদের। 

সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো; গণভোটেরটি গোলাপী।

এবার ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ভোটে লড়ছেন ২ হাজার ২৮ জন। প্রথমবারের মতো এ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসীরা। 

ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, “আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”

সিইসির ভাষায়, “এই নির্বাচনে ভোট দেওয়াটা কেবল নাগরিক অধিকারই নয়, দায়িত্বও।”

মোটা দাগে তিন চ্যালেঞ্জ

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটের অনিয়ম তদন্তে গঠিত কমিশনের সদস্য আব্দুল আলীম জানান, গত যে তিনটা নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু জনগণের ভোটের অধিকার বা সুযোগ ছিল না। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট 'জনগণের নির্বাচন'। 

“এ নির্বাচনে মানুষ কেন্দ্রে যাবে, ভোটাররা কেন্দ্রে যাবে, তারা নিজের ভোটটা নিজে দেবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এ বিশ্লেষক।

তার মতে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ এবার সেনাবাহিনীর উপস্থিতিতে জনমনে এক ধরনের আশা জাগবে; ভোটারদের কেন্দ্রমুখীও করবে। 

“আইনশৃঙ্খলা বাহিনীকে চোখ-কান খোলা রেখে রাষ্ট্রীয় দায়িত্ব, জনগণের দায়িত্ব, এটা পালন করতে হবে, যেন কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে।”

বুধবার ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে একই দিন কারাদণ্ড হয়েছে এক জামায়াত নেতার। 

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক হয়েছেন কুমিল্লাতে। একই জেলার চৌদ্দগ্রামে একই ধরনের অভিযোগে বিএনপির দুই কর্মীও আটক হয়েছেন। 

ভোটের আগে দেশজুড়ে এ ধরনের ‘অবৈধ’ টাকা নিয়ন্ত্রণ করাটাও একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আব্দুল আলীম।

তিনি বলেন, “আমরা দুয়েক জায়গায় দেখলাম টাকা বিতরণ করার চেষ্টা; ভোট কেনার জন্য। এটাকে নিয়ন্ত্রণে রাখা, মনিটরিং, মানে স্ট্রং মনিটরিং করে সারাদেশে এরকম ঘটনা ঘটলে সেটাকে বন্ধ রাখা, নিয়ন্ত্রণে রাখা।”

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই যেহেতু ভোটটা শুরু হবে, ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থাকবে। 

“এটা কোনো রাজনৈতিক দলের কাছে যাবে না। এটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখানে ভোটাররা যাবে। অর্থাৎ এর নিয়ন্ত্রক ইলেকশন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে এবং এটা রাখাটাও একটা চ্যালেঞ্জ।”

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম মনে করেন, শেষ পর্যন্ত নিরাপদে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ভোটটা আয়োজন করাটা একটা চ্যালেঞ্জ। 

“একই সঙ্গে গণনা করা, সুষ্ঠুভাবে গণনা করা। গণভোট এবং সংসদ নির্বাচনের ব্যালট গণনায় একটু সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব ফল ঘোষণা করার ব্যবস্থা নেওয়া।”

একনজরে ভোট

>> পৌনে ১৩ কোটি ভোটারের এ নির্বাচনে থাকছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র, যাতে থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

>> ২৯৯ আসনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।

এবার প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টি কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকছে।

‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার হচ্ছে ভোটের জন্য। অ্যাপটি কেবল নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। 

কোনো ভোটকেন্দ্রে বা আশপাশে সহিংসতা বা গোলযোগ হলে অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। 

নির্বাচনে প্রায় সাড়ে ৯ লাখের কাছাকাছি নিরাপত্তা সদস্য মোতায়েন থাকছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন প্রায় ১ লাখ ৮ হাজার। ইতোমধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সদস্য মোতায়েন করা রয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য এক হাজার ২১০টি প্লাটুনে মোতায়েন করা হয়েছে। 

কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে ১০টি জেলার ৬৯টি ইউনিয়নে। ১৭টি আসনে দায়িত্ব পালন করা কোস্ট গার্ডের সদস্য সংখ্যা ৩ হাজার ৫৮৫। 

পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য এবং আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাবের ৯ হাজার ৩৪৯ জন এবং বিএনসিসির এক হাজার ৯২২ জন সদস্য মোতায়েন থাকছে।

নির্বাচনে ৮০টি দেশি নিবন্ধিত সংস্থার মোট  ৪৫ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

নির্বাচনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা আছেন ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। 

এর পাশাপাশি ২৯৯ আসনে পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন ৫ হাজার ৮৯৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

নির্বাচনি কর্মকর্তাদের কঠোর বার্তা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ব্যাপক নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ সব ধরনের সরঞ্জাম পৌঁছে গেছে। সব ধরনের প্রস্তুতি শেষ আমাদের, রাত পোহালেই ভোট।”

অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনী নিয়োজিত রয়েছে। ভোটের দিনের অনিয়ম নিয়ে কঠোর বার্তা দিয়েছে ইসি।

এখন আর কোনো চ্যালেঞ্জ কিংবা ঝুঁকি নেই বলে মনে করেন এ নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন শুরু থেকে এতো চ্যালেঞ্জ ফেইস করেছে যে; এখন  আর নেই। ব্যাঙের আবার সর্দি কী!”

ভোটকেন্দ্রে প্রার্থীর পোলিং এজেন্টের অনুপস্থিতি, পোলিং এজেন্টকে বাধা বা কেন্দ্র থেকে বের করে দেওয়ার হরহামেশা অভিযোগ থাকে ভোটের দিন। ভোটকেন্দ্র দখল, কারচুপি, ফল পরিবর্তনের অভিযোগও ওঠে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপির কথা বলে অনেকে। পোলিং এজেন্ট আর পোলিং পার্সোনাল ঠিক থাকলে যে সিস্টেমে ভোট হবে, সুঁই পরিমাণ বা চুল পরিমাণ অনিয়মের সুযোগ নেই। 

“প্রিজাইডিং অফিসাররা একের জায়গায় দশ করার সাহস পাবেন না। কারণ ছবি দেখে যাচাই করে ব্যালট পেপার দেবে।”

ভোটার শনাক্তে সবার সহায়তা প্রত্যাশা

বোরকা পরা পর্দানশীল নারী ভোটারদের শনাক্তে কোনো বেগ পেতে হবে না বলেও মনে করেন তিনি।

ক্ষেত্র বিশেষে একেবারেই পর্দানশীল কেউ মুখ দেখাতে না চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, “রক্ষণশীল মা-বোনেরা রয়েছে, দলসহ সবার সহনশীল মনোভাব থাকতে হবে। এরকম দুয়েকজন যদি থাকে, ওই ধরনের ক্ষেত্রে নারী আনসার, নারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট থাকবেন কেন্দ্রে।” 

শুরুর আগে কেন্দ্রে বিশৃঙ্খলা নয়

সংসদ ও গণভোট একসঙ্গে করায় অন্যবারের চেয়ে এবার ভোট নেওয়ার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। 

তাহাজ্জুদের নামাজের সময় কিংবা ফজরের নামাজের সময় গিয়ে কেন্দ্রে যাওয়ার কথা এসেছে কোনো কোনো দল থেকে। 

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মনে করেন, এটা প্রার্থী ও দলের পক্ষ থেকে একটা কৌশল হতে পারে। লাইন ধরতে হয় কেন্দ্রে, ভোটার উপস্থিতি বাড়াতে সকাল সকাল যাওয়ার কথা বলেছেন। কিন্তু ভোট শুরু হবে সাড়ে ৭টায়। 

“সবাই ভোরে ভোরে কেন্দ্রে যায়; আর ভোটগ্রহণ কর্মকর্তারাও কেন্দ্রে মোতায়েন রয়েছে। এখন দেশের সবখানে আইন শৃঙ্খলাবাহিনী রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তো তারা ব্যবস্থা নেবে।”

কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহ বলেন, “মাহেন্দ্রক্ষণ সমাগত। আমরা এ পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, এগুলো না ঘটলে আরও ভালো হত। অতীতে যেকোনো সময়ের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি।”

ভোটগ্রহণ বিষয়ে এই নির্বাচন কমিশনার জানান, বিকাল সাড়ে ৪টার পরেও যদি কেন্দ্রের চৌহদ্দীর মধ্যে অপেক্ষমান ভোটার থাকে, তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে।

কেন্দ্র থেকে কেন্দ্রীয় ফল যেভাবে

ভোটের দিন নির্বাচনের অগ্রগতি প্রতিবেদন আগের মতোই দুই ঘন্টা পর পর দেবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কেন্দ্র থেকে ভোটের ফল জানানো হবে, এরপর রিটার্নিং অফিসারের কার্যালয় ও পরে নির্বাচন কমিশনে ফল দেওয়া হবে। সংসদ ও গণভোটের ফল একসঙ্গে দেওয়া হবে। কেন্দ্রেও ভোট গণনা একসাথে হবে, ফলও একসঙ্গে।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট পরে হবে। 

ভোটার উপস্থিতি বাড়ার আশায় ইসি

ভোটার উপস্থিতি তুলনামুলক বেশি হতে পারে বলে ধারণা করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে ভোট দেওয়ার যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তাতে ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করেন তিনি।

ফল ঘোষণায় নির্বাচন ভবনে ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ বসানো হয়েছে। 

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অন্য কমিশনাররা হলেন আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। 

সচিবের দায়িত্বে রয়েছেন আখতার আহমেদ।

ভোটের আইনশৃঙ্খলায় কেন্দ্রীয় সমন্বয় সেল

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

নির্বাচন: 'আইন-শৃঙ্খলা সমন্বয়' সেল গঠন

এবার ৩১০০ কোটি টাকার ভোট