Published : 29 Jan 2026, 12:04 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনা ও আইন শৃঙ্খলা খাত মিলিয়ে এবার ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা, যা আগের দুই বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে প্রায় হাজার কোটি টাকা বেশি।
১২ ফেব্রুয়ারি এবারের নির্বাচনে ভোটার আছে পৌনে ১৩ কোটি। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে তাদের ভোট নিতে প্রায় আড়াই লাখ ভোটকক্ষ দরকার হবে।
এসব ভোটকক্ষে প্রয়োজন অনুসারে সিল দেওয়ার গোপন কক্ষ (মার্কিং প্লেস) থাকবে। প্রথমবারের মত আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাপনাতেও খরচ আছে।
ভোটের মাঠে দায়িত্বে থাকছেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ছয়শ সহকারী রিটার্নিং অফিসার। নির্বাহী ও বিচারিক হাকিম এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য রয়েছেন দুই সহস্রাধিক।
ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে প্রায় ৮ লাখ; আর আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য থাকবে প্রায় সাড়ে ৯ লাখ।
ভোটার তালিকা থেকে ফলাফল গেজেট পর্যন্ত কাজের পাশাপাশি নির্বাচন পরিচালনায় এ বিশাল কর্মযজ্ঞে ৩১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ রয়েছে; ধাপে ধাপে এ অর্থ ছাড় হবে।
জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আলাদা আলাদা চাহিদা দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন পরিচালনা খাত ও আইন শৃঙ্খলা মিলিয়ে পূর্ণাঙ্গ ব্যয় চূড়ান্ত হবে।
চলতি অর্থবছরে নির্বাচনের জন্য বরাদ্দ প্রায় ২১০০ কোটি টাকার সঙ্গে আরও এক হাজার কোটি অতিরিক্ত চেয়ে জানুয়ারির শুরুতে অর্থবিভাগে প্রস্তাব পাঠিয়েছিল ইসি; তাতে সায় মিলেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বুধবার জানান, বরাদ্দ পাওয়া ৩১০০ কোটি টাকার মধ্যে নির্বাচন পরিচালনায় ব্যায় ধরা হয়েছে ১২০০ কোটি টাকা। আর আইন-শৃঙ্খলা খাতে ১৫০০ কোটি টাকা খরচ হবে। অন্যান্য খাতে ওসিভি, আইসিপিভি, গণভোট মিলিয়ে ৫০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
ধাপে ধাপে অর্থ ছাড় ও চাহিদা অনুযায়ী বরাদ্দ কাট-ছাঁট শেষে পূর্ণাঙ্গ ব্যয় কমবেশি হতে পারে বলে ইসি কর্মকর্তাদের ভাষ্য।
ভোটের লোকবল ও ভোট তথ্য
ইসির জনসংযোগ পরিচালক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন।
নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য।
সব মিলিয়ে মোট ভোটগ্রহণকারী কর্মকর্তা থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন। এর পাশাপাশি পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা।
কোন নির্বাচনে কত ব্যয়
>> দ্বাদশ সংসদ নির্বাচন: ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা। নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ হাজার ৫০ কোটি ৬০ লাখ টাকা।
ওই নির্বাচনে ১৯২৭ কোটি টাকা ব্যয় হয়েছিল।
>> একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনার জন্য মোট ৭০০ কোটি টাকা বরাদ্দ ছিল। পরে তা আরও বেড়েছিল।
>> দশম সংসদ নির্বাচন: ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটে মোট ব্যয় হয়েছিল প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনায় ৮১ কোটি ৫৫ লাখ টাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে ব্যয় হয় ১৮৩ কোটি টাকা।
এ নির্বাচনে ১৪৭ আসনে ভোট হয়, ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা। অর্ধেক এলাকায় ভোট করতে হওয়ায় বরাদ্দের তুলনায় খরচ অনেক কমে আসে।
>> নবম সংসদ নির্বাচন: ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ভোটে ১৬৫ কোটি টাকা ব্যয় হয়; সে নির্বাচনে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখের বেশি।
উপকরণ ও ব্যবস্থাপনাসহ সব খাতে ব্যয় বাড়ার কারণে আগের নির্বাচনের তুলনায় বরাদ্দ বাড়ে দ্বিগুণের বেশি।
>> অষ্টম সংসদ নির্বাচন: ২০০১ সালে হওয়া এ নির্বাচনে মোট ব্যয় হয় ৭২ কোটি ৭১ লাখ টাকা।
>> সপ্তম সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত এই নির্বাচন পরিচালনা বাবদ ব্যয় ১১ কোটি ৪৭ লাখ টাকা।
>> ষষ্ঠ জাতীয় নির্বাচন: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আয়োজন করা এই নির্বাচনে মোট ৩৭ কোটি টাকা খরচ হয়।
>> পঞ্চম সংসদ নির্বাচন: ১৯৯১ সালে দেশে অনুষ্ঠিত এই সংসদ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাতে ব্যয় হয় ২৪ কোটি ৩৭ লাখ টাকা।
>> চতুর্থ সংসদ নির্বাচন: ১৯৮৮ সালের এই জাতীয় নির্বাচনে ৫ কোটি ১৫ লাখ টাকা খরচ হয়েছিল।
>> তৃতীয় সংসদ নির্বাচন: ১৯৮৬ সালে হওয়া এই সংসদ নির্বাচনে ব্যয় হয় ৫ কোটি ১৬ লাখ টাকা।
>> দ্বিতীয় সংসদ নির্বাচন: ১৯৭৯ সালে অনুষ্ঠিত এই সংসদ নির্বাচনে ব্যয় হয় ২ কোটি ৫২ লাখ টাকা।
>> প্রথম সংসদ নির্বাচন: ১৯৭৩ সালের ৭ মার্চ ৩ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬৪২ জন ভোটারের এ নির্বাচনে ব্যয় ছিল ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে ২৮০০ কোটি টাকা চায় ইসি
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
সংসদ ও গণভোট: কোথায় কখন কীভাবে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী?