নতুন নামে রাষ্ট্র সংস্কার আন্দোলন
নতুন নির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসনাত কাইয়ূম, যিনি এতদিন ছিলেন প্রধান সমন্বয়ক।
নাম পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যাতে সভাপতি নির্বাচিত হয়েছেন এতদিন প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা হাসনাত কাইয়ূম।
সংগঠন থেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা দলটির নামে ‘বাংলাদেশ’ যুক্ত করে ‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন’ করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে বিশেষ প্রতিনিধি সম্মেলনে এসব সিদ্ধান্ত আসার তথ্য রাতে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০১২ সালের গণতান্ত্রিক সংবিধান আন্দোলন হিসেবে কার্যক্রম শুরু করা সংগঠনটি ২০২১ সালে দল হিসেবে আত্মপ্রকাশ করে।
শুক্রবারের কাউন্সিলে নির্বাচিত নতুন নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যদের নাম পরে জানানো হবে দলের তরফে জানানো হয়েছে।
সম্মেলনে দেশব্যাপী দলের ১৩০ কমিটির প্রায় ২০০ প্রতিনিধি যোগ দেন। এতে স্বাগত বক্তব্য দেন দলের নব নির্বাচিত সভাপতি হাসনাত কাইয়ূম।
তিনি বলেন, “২০১২ সালে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে শুরু হওয়া একটা ছোট গ্রুপ আজ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে জনমত তৈরি করতে সমর্থ হয়েছে।
“কিন্তু মানবিক রাষ্ট্রের বাস্তবায়ন এখনো সম্ভব হয় নাই। সে লক্ষ্যে জুলাই সনদের একটি টেকসই এবং সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের পদ্ধতি জরুরি। রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই সনদের টেকসই ও সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের উপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তার অভিযোগ, শেখ হাসিনার নির্বাচন কমিশন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন দেয়নি। পরে আদালত নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে।
সরকার পরিবর্তনের পর এবারের নির্বাচন কমিশন দ্রুততম সময়ে তাদের দলকে নিবন্ধন দেবে বলে আশা তার।
