২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদ পেয়েও হারালেন ছয়জন

গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ‘কিছু অভিযোগ’ উত্থাপিত হলে তদন্ত করে কেন্দ্রীয় কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদ পেয়েও হারালেন ছয়জন
আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারলেও হলে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে সংগঠনটির বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 09:24 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ার পর ‘নানা অভিযোগ’ আসার কথা জানিয়ে তদন্ত করে ছয়জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন: সহ-সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া সাইফুল ইসলাম রিমন ও মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদকের পদ পাওয়া সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদকের পদ পাওয়া ইমরান হোসেন এবং সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ‘কিছু অভিযোগ’ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনে ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বলেও ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল

ঢাবিতে ছাত্রদলের পোস্টার, শিক্ষার্থীদের বিক্ষোভ

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটিতে যারা আছেন তারা অভিযোগগুলো যাচাই করে রিপোর্ট দিয়েছেন। এর ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে এই ছয়জনের কার বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে ছাত্রদলের বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি, গণেশও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে তিনি বলেন, “কী কারণে অব্যাহতি, সে বিষয়ে আমার কিছু জানা নেই। আপনি তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে পারেন।”

তদন্ত কমিটিতে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্রদল। তবে তারা হলে কার্যক্রম চালাতে পারছে না। 

গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলবিরোধী বিক্ষোভও হয়েছে একাধিক দিন। 

আরও পড়ুন:

ছাত্রদলের পোস্টার: ফের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ফাঁদে পা দেওয়া যাবে না: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি