২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে

সোমবার তাদের জামিন শুনানির দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:16 PM

Updated : 27 Sep 2026, 09:16 PM

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার তাদের জামিন শুনানির দিন রাখা হয়েছে।

পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম রোববার ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আসামিদের আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তাছলিমা জাহান পপি জামিন চেয়ে আবেদন করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন রাখেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই মাসুম মিয়া বলেছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে 'জয় বাংলা' শ্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

“পল্টন মডেল থানা পুলিশ ও স্থানীয় উপস্থিত লোকজনের সহযোগিতায় শনিবার বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে নাই।”

আসামিরা কোনো ‘ধর্তব্য অপরাধে’ জড়িত থাকতে পারে আবেদনে বলা হয়।

ঢাকার গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে শনিবার বিকাল অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ।

অভিযান শেষে সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।”

শনিবার দুপুর ৩টায় দলটির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এরপর একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মুক্তি দেওয়া হয় বাকিদের।

আরও পড়ুন:

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জন মুক্ত, ২৯ জনের পরিচয় যাচাই চলছে