২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এলেন বিএনপি চেয়ারম্যান

বিএনপির চেয়ারম্যান হওয়ার পর তারেক রহমানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের এটাই প্রথম সাক্ষাৎ।

স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এলেন বিএনপি চেয়ারম্যান
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 10:00 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

স্ত্রী ও কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটাই ছিল তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজে তিনটি ছবি প্রকাশ করা হয়। 

একটি ছবিতে মুহাম্মদ ইউনূসের বাঁ পাশে তার মেয়ে দিনা আফরোজ, ডান পাশে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে দেখা যায়। 

বাকি দুটি ছবি দেওয়া হয়েছে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের।

এদিন সন্ধ্যা ৭টা ২৮মিনিটে সপরিবারে যমুনায় পৌঁছান তারেক রহমান। প্রায় পৌনে দুই ঘণ্টা পর রাত ৯টা ১১মিনিটের দিকে যমুনা থেকে বের হন তারা।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন বিএনপি নেতা তারেক রহমান।

ওই বৈঠকের পরই ‘প্রস্তুতি শেষ হলে’ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

এর আগে বিএনপিসহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের জোরালো দাবি তোলে। তবে গত বছরের কোরবানি ঈদের আগের দিন ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান।

এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়। 

তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে বিএনপি নেতার এটাই হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ। 

আরও পড়ুন

ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ

প্রস্তুতি শেষ হলে নির্বাচন ফেব্রুয়ারিতে: ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ ঘোষণা

লন্ডনে তারেক ও ইউনূসের দেড় ঘণ্টার বৈঠক