বিএলডিপি থেকে বিএনপিতে শাহাদাত হোসেন সেলিম
“আমি বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিলাম,” বলেন তিনি।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) ‘বিলুপ্ত’ ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন সেলিম।
তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিতে আমি যোগ দিলাম এজন্য যে, এই দলটি গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বে প্রতীক।
“আমি আমার দল বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে এই দলে যোগ দিলাম।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে গত ২৭ নভেম্বর জানায় বিএনপি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপিতে অনেকে যোগদান করছেন। আজ যারা যোগ দিলেন, আমরা তাদের স্বাগত জানাচ্ছি।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম উপস্থিতি ছিলেন।
শাহাদাত হোসেন সেলিম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে আহ্বায়কের দায়িত্বও পালন করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকও ছিলেন তিনি।
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে শাহাদাত হোসেন সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন এ রাজনীতিক।
