১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা দিলেন জয়শঙ্কর

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

এ সময় তিনি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন বলে বিএনপির অফিসিয়াল ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়।

সেখানে বলা হয়, “খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।”

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী, ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া।

তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে, বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।