২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভোটের দিনে গণভোট: ইউনূসকে ‘ধন্যবাদ’ বিএনপির

সংবাদ সম্মেলনের আগে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

সংসদ ভোটের দিনে গণভোট: ইউনূসকে ‘ধন্যবাদ’ বিএনপির
গুলশানে বৃহস্পতিবার রাতে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ‘ধন্যবাদ’ জানিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এ প্রতিক্রিয়া জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। 

মির্জা ফখরুল বলেন, ‘‘আজ জাতির উদ্দেশে অন্তবর্তীকালীন  সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় তাকে (প্রধান উপদেষ্টা) ধন্যবাদ জানানো হয়।

“একই সঙ্গে বৈঠকে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়ার সুপারিশ করা হয়।

সুপারিশে বলা হয়েছিল, আদেশ জারির পর সংসদ নির্বাচনের আগে কিংবা সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে এই গণভোট হতে পারে। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

বিএনপিসহ সমমনা কয়েকটি দল জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে গণভোট করার পক্ষে অবস্থান নেয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দল রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনে নামে। রোববারের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরুরও ঘোষণা দেয় তারা।

এর মধ্যেই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেখানে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন পায়।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই আদেশে সই করেন বলে তার দপ্তর থেকে জানানো হয়।

এর ঘণ্টাখানেকের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে গণভোটের সময়সূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঘোষণা করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সরকারপ্রধানের ভাষণের পর এদিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির জরুরি সভা ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১০টার দিকে। বৈঠকের পর প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতারা।   

সংবাদ সম্মেলরে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।