ভোট বর্জন করে ভুল করছে বিএনপি: শমসের মবিন
আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে তৃণমূল বিএনপি নেতা বলেন, “এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে।’’
বিএনপি নির্বাচন বর্জন করে ‘ভুল করছে’ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
বুধবার সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শমসের এক সময় বিএনপির রাজনীতিতেই জড়িত ছিলেন। পরে আবার ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়েন। এবারের জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করেই তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির চেয়ারপারসন হয়ে যান।
সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) প্রার্থী হয়েছেন শমসের, যেখানে গত তিনটি জাতীয় নির্বাচনে জিতেছেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারও তিনি পেয়েছেন মনোনয়ন।
শমসের মবিন বলেন, ‘‘গণতন্ত্রে নির্বাচন বর্জন করার কোনো সুযোগ নেই। বিএনপি নির্বাচন বর্জন করে ভুল করছে। গণতন্ত্র একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। এখানে ভুল ত্রুটি থাকলেও সবার সহযোগিতায় তা এগিয়ে নিতে হবে।’’
গত জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের বেলায়’ ভোট দেয়া হয়েছে বলে জনগণ মনে করে মন্তব্য করে তিনি বলেন, ‘‘২০১৪ সালের নির্বাচনও ছিল ত্রুটিপূর্ণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল সংখ্যক প্রার্থী জয়লাভ করেন।”
আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে তৃণমূল বিএনপি নেতা বলেন, “এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে।’’
দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘এই অগ্রযাত্রায় সামিল হওয়া প্রয়োজন। প্রতীক দেখে নয় ব্যক্তি দেখে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।’’
উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় লাগেনি উল্লেখ করে শমসের মবিন বলেন, ‘‘বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলাও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাটে হাটা-চলাও দুষ্কর। তবে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। যা কখনো শেষ হয় না।’’
বঙ্গবন্ধুর বিপক্ষে রাজস্বাক্ষী না হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘‘এরপরও আমি মিথ্যার কাছে পরাজিত হইনি।’’
ভোটে অংশ নেওয়া সব দল বিরোধী দল হতে চায়। তাহলে আওয়ামী লীগকে বিজয়ী ধরে নেওয়া হচ্ছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ একটি বড় দল। অন্যরা ভোটের রাজনীতিতে তাদের সঙ্গে পেরে ওঠতে পারবে না।’’
