আ. লীগ-বিএনপিকে ‘এক টেবিলে’ দেখতে চায় জাপা
“মুক্তিযুদ্ধের পক্ষ, স্বাধীনতার পক্ষ, মুক্তিযোদ্ধার ফ্যামিলি-এসব বলে কিছু লোককে নিয়ে সারা দেশে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করেছে আওয়ামী লীগ,” বলেন জিএম কাদের।
সবার অংশগ্রহণে নির্বাচন করতে আওয়ামী লীগ-বিএনপিকে এক মত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের চট্টগ্রাম মহানগরের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংসদের বিরোধী দলীয় উপ-নেতা কাদের বলেন, “সকলেই আমরা আনিশ্চিয়তার মধ্যে আছি। আমরা সবসময় এই আহ্বানটা করে আসছি এবং এখনও করছি- প্রধান দুইটি দল তারা এক মত হয়ে এক টেবিলে এসে সকলের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা তৈরি করুক, যাতে করে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে, সকলের অংশগ্রহণে একটা নির্বাচন করতে পারি।”
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমার প্রশ্ন হল- সঠিক সিদ্ধান্ত ও সঠিক সময় কোনটা? আওয়ামী লীগ ঘোষণা করেছে, তারা সংবিধান মোতাবেক সঠিক সময়ে নির্বাচন করে যাবেন। এটা তাদের সঠিক সিদ্ধান্ত এবং এটা তাদের সময়।
“তার বিপরীতে বিএনপি বলেছে, তারা সরকারের অধীনে নির্বাচন করবে না। সরকার পরিবর্তনের আন্দোলন করবে। সে পথে তারা অনড় হয়ে আন্দোলনের ডাক দিয়েছে। সে সিদ্ধান্তও কি সঠিক প্রমাণিত হয়েছে?”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, “আমরা তো ক্ষমতার জন্য যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি নিজস্ব রাজনীতি নিয়ে, যেটা জনকল্যাণমুখী রাজনীতি। সে রাজনীতি নিয়ে জনগণের মধ্যে আমরা আজীবন বেঁচে থাকব, যাতে করে ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাবার সুযোগ পাব।”
আওয়ামী লীগ-বিএনপি দুই দলেই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “সামনে আমরা ক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব, সে কারণে আমরা অপেক্ষা করছি।
“আমাদের লড়াইটা স্বকীয় রাজনীতি নিয়ে আমাদের অস্থিত্ব টিকিয়ে রাখার, যাতে করে ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে জনগণের জন্য সঠিক কাজটি করতে পারি।”
২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচনের করার ব্যাখ্যায় জি এম কাদের বলেন, “বিএনপি’র দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বৈষম্যের কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, তার থেকে দেশকে উদ্ধার করতে চেয়েছিলাম। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড-খুন-গুম থেকে দেশের মানুষকে বাঁচাতে আমরা আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করেছিলাম।
“কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে যেসব কথা লিখেছিল, তার ধারেপাশে আর যায়নি। বরং তারা ঠিক তার উল্টোটা করে গেছে।”
‘চেতনার কথা বলে তার বিরোধী কাজ করেছে আওয়ামী লীগ’
আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের শক্তির কথা বলে ‘দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করেছে’ বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, “সংবিধানের ৬এর ২ স্পষ্ট বলা আছে, জাতিগতভাবে দেশের মানুষ বাঙালি, আর নাগরিকরা বাংলাদেশি। তারা নতুন করে একটি সংযোজন করেছে, যেটা সংবিধানে লেখেননি।
“বাংলাদেশের মানুষের এখন সিটিজেনশিপ হল- ‘বাংলাদেশি সাধারণ’, আরেকটি ‘বাংলাদেশি আওয়ামী লীগ’। ”
আওয়ামী লীগের যারা সমর্থক বা দলের সাথে থাকবে, তাদেরকে ক্ষমতাসীনরা ‘বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে’ বলে অভিযোগ বিরোধী দলীয় উপ-নেতার।
“মুক্তিযুদ্ধের পক্ষ, স্বাধীনতার পক্ষ, মুক্তিযোদ্ধার ফ্যামিলি-এসব বলে তাদের কিছু লোককে নিয়ে সারা দেশে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করল। এ বৈষম্য করে একটি শ্রেণি তৈরি করল, তাদের দিয়ে দেশকে শোষণ করা শুরু করল।”
‘ইতিহাস একটা শিক্ষা’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিএনপির দাবিটি ন্যায়সঙ্গত। জাতীয় পার্টিও নৈতিকভাবে সেটা সমর্থন করে।”
তবে বিএনপি সরকারের আমলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
চুন্নু বলেন, “আমার নেতা হুসাইন মুহাম্মদ এরশাদ যখন জেলে ছিলেন জন্ডিসের কারণে তার বিলরুবিন ২৯ হয়ে গেছিল। বোর্ড বসিয়ে তার ডাক্তাররা রিপোর্ট দিয়েছিল এরশাদ সাহেবকে নাজিমউদ্দিন রোড থেকে পিজি হাসপাতালে নেওয়া দরকার। অন্যথায় তাকে বাঁচানো যাবে না।
“আমরা প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করলাম… মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপনি এরশাদ সাহেবকে তার চিকিৎসা বোর্ডের পরামর্শ অনুযায়ী সেন্ট্রাল জেল থেকে তাকে পিজি হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করতে পারমিশন দেন। উনি বললেন- ওইটা মইরা গেলে যাগগা। পারমিশন দেব না। ইতিহাস একটা শিক্ষা… আজকে সেই খালেদা জিয়ার জন্য তারা দরখাস্তের পর দরখাস্ত দিচ্ছে।”
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য দেন দলের কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, এ টি ইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম, মোস্তফা আল মাহমুদসহ চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন জেলার নেতারা।
সম্মেলনে সোলায়মান আলম শেঠকে পুনরায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং আবু জাফর মো. কামালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
