২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন জয়শঙ্কর, ইসহাক দার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্যে যোগ দেবেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার ঢাকায় তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

মঙ্গলবার ঢাকায় দুই দেশের দূতাবাসের তরফে তাদের সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা খালেদা জিয়ার মৃত্যুতে শোকও জানিয়েছে দুই দেশের সরকারপ্রধান। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের তথ্য দিয়েছে।

আর ঢাকায় পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের আসার তথ্য নিশ্চিত করেছেন।

ইসাহাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত ২৪ অগাস্ট রাজধানী ঢাকার গুলশানে তার বাসায় সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত ২৪ অগাস্ট রাজধানী ঢাকার গুলশানে তার বাসায় সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফাইল ছবি

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

অপরদিকে চলতি বছরের ২৪ অগাস্ট দুদিনের ঢাকা সফরে এসেছিলেন ইসাহাক দার।

সেসময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করেছিলেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইসহাক দার। তারা সেসময় পৌনে এক ঘণ্টা কথা বলেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান খালেদা জিয়া। বুধবার সকালে হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠে তার জানাজা হবে।