বিএনপি বিশাল নদীর মত, কেউ চলে গেলে কিছু আসবে যাবে না: ফখরুল
“বিএনপি হচ্ছে একটা বিশাল প্রবাহমান নদীর মত,” বলেন তিনি।
বিএনপি ‘বিশাল প্রবাহমান নদীর মত’ জানিয়ে কেউ চলে গেলে তাতে দলের ‘কিছু আসবে যাবে না’ বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘তৃণমূল বিএনপি’ নামে নতুন নিবন্ধিত দলে বিএনপির তিন জন সাবেক নেতার যোগদান ইস্যুতে সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
বিএনপি থেকে পদত্যাগ করা শমসের মবিন চৌধুরী, দল থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার ও আবদুস সাত্তার উকিল এই দলে যোগ দিচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে এমন প্রতিক্রিয়া আসে।
ফখরুল বলেন, ‘‘তৈমুর আলম খন্দকার এখন আমাদের দলের সদস্য নন, শমসেন মবিন চৌধুরী আমাদের দলের সদস্য নন। সুতরাং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা তাদের ব্যাপার।
‘‘আমরা শুধু এইটুকু বলতে চাই, আগেও আমি তার উত্তর দিয়েছি, বিএনপি হচ্ছে একটা বিশাল প্রবাহমান নদীর মত। সেখানে কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়, তাতে বিএনপির কিছু যায় আসে না।”
বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য ও পরে বহিষ্কৃত প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়।
এখন দলটির নেতৃত্বে আছেন নাজমুল হুদার মেয়ে অন্তুরা হুদা। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলটির সম্মেলন আহ্বান করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘‘বিএনপি তো বাকশাল নয়। বিএনপি সবাইকে স্বাধীনতা দেয়, যার যার ইচ্ছামত রাজনীতি করবে। যারা বিএনপি করতে চায় করবে, যারা নতুন দল করতে চায় করবে।
‘‘আমরা বাকশাল নই যে সারাদেশের ১৮ কোটি মানুষকে আমরা জোর করে বলব যে, তোমরা একটাই দল করবে, তোমরা শুধু বিএনপি করবে… সেই রাজনীতি বিএনপি করে না।”
তৃণমূল বিএনপিতে বিএনপির আরো অনেকে যোগ দিতে পারে বলে যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে এক প্রশ্নে মঈন খান বলেন, ‘‘আমাদের দল থেকে পদত্যাগ করে তো একজন (আবদুস সাত্তার উকিল) যোগ দিয়েছেন। তাতে রাজনীতিতে কি কোনো মৌলিক পরিবর্তন এসেছে? সরকারের এতে কি বিরাট বিজয় হয়েছে?”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
