Published : 05 Dec 2025, 09:53 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে খালেদা জিয়ার অসুস্থতা এবং বিএনপির ‘অভ্যন্তরীণ পরিবেশ’ বিবেচনায় নেওয়ার আহ্বান আরেকবার জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আহ্বান জানান। ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ' শিরোনামে ঢাকার একটি হোটেলে এনসিপি এ সভা আয়োজন করে।
সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, "যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে, সে অনুযায়ী তফসিল আমরা জানি ৬০ দিন বা ৪৫ দিন সে অনুযায়ী দিতে হয়। সে অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তফসিল হয়তো দুই দিন আগে বা পরে দেবে।
"সে অনুযায়ী আমরা যেটা বলেছি, যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের অসুস্থতার কথা আছে, তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যেন বিবেচনায় নেয়। যেন তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনি যাত্রা, নির্বাচনি কার্যক্রম শুরু করতে পারি আরকি।"
'সেই রাজনৈতিক দলটির' সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।
কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য ভোটের তারিখ পরিবর্তন হবে না বলে আশা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, "আমরা বলে আসছিলাম সংস্কার, বিচার এবং সেটার পরে নির্বাচনের উদ্যোগ যেন নেওয়া হয়। তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছিল নির্বাচনবিরোধী; আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা কিন্তু সে ধরনের কথা কখনো বলিনি।
"যেহেতু সংস্কারের একটা পর্যায়ে আমরা এসেছি। বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। তবে আমরা যেটা বলেছি, নির্বাচন কমিশন যেন সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনি যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায়। তাদের নেত্রী অসুস্থ, সেজন্য আমাদের সহানুভূতি রয়েছে। আমরা বিষয়টা বিবেচনা করতে বলেছি। কিন্তু নির্বাচন নির্বাচনের সময় হবে বলে আমরা আশা করি।"
এনসিপি কারো ‘প্রকাশ্য বা অপ্রকাশ্য’ সমঝোতায় যায়নি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সমঝোতার কথা বলে এনসিপির বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।
এনসিপি নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগিয়ে যেতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং দলটি প্রার্থী যাচাইয়ে চূড়ান্ত করার দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তফসিল ঘোষণার ক্ষেত্রে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার কথা বুধবারও বলেছিলেন নাহিদ।
সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, “তফসিলের বিষয়ে ইসি আমাদেরকে স্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়াতে বলেছে, হয়ত আগামী দুয়েক সপ্তাহের মধ্যে দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়।”
খালেদার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান এনসিপির পক্ষ থেকে একাধিকবার এলেও এ নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন। দলটির নেতারা বলছেন, খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে ভোট পেছানোর কোনো সম্পর্ক নেই।
শুক্রবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচন তো নির্বাচনের জায়গায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই।
“সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের জন্য, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”